২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজার তদারকিতে অভিযান শুরু শনিবার

বাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে আগামী শনিবার থেকে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2010, 03:44 PM

Updated : 25 Aug 2022, 07:35 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে আগামী শনিবার থেকে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এক তথ্যবিবরণীতে বলা হয়, র‌্যাব-পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালাবে। সভায় ব্যবসায়ীরা জানায়, বাজারে পেঁয়াজের সরবরাহে সমস্যা ছিল বলে এর মূল্য কিছুটা বেড়েছে। বর্তমানে সরবরাহ পরিস্থিতির উন্নতি হওয়ায় বাজারে এর মূল্য দ্রুত কমে আসবে বলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আশ্বস্ত করেন। ফেরি পারাপারে পণ্যবাহী যানবাহন এবং স্থলবন্দরে পণ্য ছাড় যাতে অগ্রাধিকার পায় সে লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নৌ-পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডে চিঠি পাঠাবে বাণিজ্য মন্ত্রণালয়। সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এটিএম মুর্তজা রেজা চৌধুরী সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (আইআইটি) মো. শওকত আলী ওয়ারেছী, এফবিসিসিআই এর পরিচালক হেলাল উদ্দিন, বাংলাদেশ পাইকারি গরম মশলা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. এনায়েত উল্লা, শ্যামবাজারের ব্যবসায়ী ও আমদানিকারক খন্দকার বাবুল, প্রদেশ পোদ্দার, চকবাজারের ব্যবসায়ী খোকন সিকদার প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২১৪০ ঘ.