গাজীপুর, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নতুন বেতন কাঠামোতে ঈদ বোনাস দেওয়াসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের চারটি পোশাক কারখানায় বিক্ষোভ ও ভাংচুর করেছে শ্রমিকরা ।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ভোগড়া, কোনাবাড়ী এবং শ্রীপুর উপজেলার বেতঝুড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
বিক্ষোভ ও ভাংচুরের ঘটনার পর একটি কারখানা বৃহস্পতিবারে মতো ছুটি ঘোষণা করা হয়। অন্যটির শ্রমিকরা কারখানা ত্যাগ করে।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টার দিকে ভোগড়া এলাকার রোজ গার্মেন্টসের ২ নম্বর ইউনিটের শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে।
এ সময় তারা কারখানা দরজা-জানলা ও তিনি গাড়ি ভাংচুর করে।
শ্রমিকদের অভিযোগ, বুধবার বেতন দেওয়ার সময় তাদের উৎপাদান মজুরি কম ধরা হয়েছে।
এসআই জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে কর্তৃপক্ষ ও শ্রমিকদের মধ্যে সমঝোতা করে দেয়।
তিনি জানান, এরপর কারখানা কর্তৃপক্ষ আজকের মতো কারখানা ছুটি ঘোষণা করে।
এসআই রফিক জানান, চান্দনা চৌরাস্তা এলাকার শাপলা ম্যানশনের প্যান্ডোরা গার্মেন্টস কারখানার শ্রমিকরা নতুন বেতন কাঠামো অনুযায়ী ঈদ বোনাস, ঈদের ছুটিকালীন ভাতার দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছে।
দাবি মেনে না নেওয়ায় ক্ষুব্দ শ্রমিকরা কারখানার বিভিন্ন মালামাল ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পোশাক শ্রমিকদের জন্য সরকার ঘোষিত নতুন মজুরি কাঠামো নভেম্বর থেকে বাস্তবায়ন করার কথা। তবে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ বলেছে, পুরনো বেতন কাঠামোতেই শ্রমিকদের ঈদ উৎসব ভাতা দেওয়া হবে।
কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মোবারক হোসেন জানান, বেতন কম দেওয়ায় ওই এলাকার শেনন সোয়েটার কারখানার নিটিং অপারেটররা সকালে কর্মবিরতি ও বিক্ষোভ করে।
এক পর্যায়ে শ্রমিকরা কারখানায় ভাংচুর শুরু করে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে শ্রমিকরা কারখানা ত্যাগ করে বলে এসআই জানান।
শ্রীপুর উপজেলার বেতঝুড়ি এলাকায় ডিগনিটি গার্মেন্টস কারখানা বিক্রি করে শ্রমিক ছাঁটাইয়ের খবর পেয়ে শ্রমিকরা পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছে।
শ্রমিকরা জানায়, কারখানা বিক্রি করে কাজ না থাকার অজুহাত দেখিয়ে কর্তৃপক্ষ গত এক মাস ধরে মালামাল অন্যত্র সরিয়ে নিচ্ছিলো। ইতিমধ্যে কারখানার প্রিন্টিং ও ডায়িং শাখা বন্ধ করে দেওয়া হয়েছে।
কারখানা বন্ধ করে দেওয়ায় শ্রম আইন অনুযায়ী তিন মাসের আগাম বেতন-ভাতাসহ পাওনা পরিশোধের দাবি তুলেছে শ্রমিকরা।
এ ব্যাপারে কারখানার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান জানান, কারখানা বিক্রির কথা সত্য নয়। কারখানার প্রয়োজনে যাদের ছাঁটাই করা দরকার তাদেরকে নিয়মানুযায়ী ছাঁটাই করা হচ্ছে।
পরিস্থিতি মোকাবিলার জন্য বিকালে কারখানায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে শ্রীপুর থানার ওসি নাজমুল হাসান ভ্ইুয়া জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২১১৬ ঘ.
bdnews24