২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়পুকুরিয়া: ক্ষতিপূরণ প্রকল্প ক্ষতিগ্রস্তদের একাংশের প্রত্যাখ্যান

বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার ক্ষতিপূরণের জন্য একনেকে অনুমোদিত ১৯১ কোটি টাকার প্রকল্প প্রত্যাখ্যান করেছে ক্ষতিগ্রস্তদের একটি অংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2010, 09:02 AM

Updated : 25 Aug 2022, 07:35 PM

মোর্শেদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি দিনাজপুর, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার ক্ষতিপূরণের জন্য একনেকে অনুমোদিত ১৯১ কোটি টাকার প্রকল্প প্রত্যাখ্যান করেছে ক্ষতিগ্রস্তদের একটি অংশ। এই প্রকল্পে সরকার জমির যে মূল্য ঘোষণা করেছে তারা সেটা প্রত্যাখ্যান করে আন্দোলনে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। প্রকল্পে বাসস্থান, স্কুল কলেজ ও অন্যান্য সুবিধা সম্পর্কে সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় ক্ষুদ্ধ এলাকাবাসী ভূমি ও সম্পদ রক্ষা কমিটির ব্যানারে শিগগিরই নতুন আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। অপরদিকে জীবন ও সম্পদ রক্ষা কমিটির পক্ষ থেকে সরকারের এই সিদ্ধান্তকে মেনে নেওয়ার ইঙ্গিত দিয়ে বলা হয়েছে ক্ষতিগ্রস্তদের সাথে আলোচনার পর সিদ্ধান্ত জানানো হবে। প্রকল্পের সুবিধা সম্পর্কে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. কামরুজ্জামান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ প্রকল্পের অধীন ৬৪৬ একর ভূমির আওতায় ৮টি গ্রামের প্রায় ৪০৬টি পরিবারকে ক্ষতিপুরণ দেওয়া হবে।" তিনি বলেন, "কৃষি জমির জন্য একর প্রতি ২০ লাখ টাকা, বাণিজ্যিক এলাকার জন্য একর প্রতি ২৫ লাখ টাকা এবং ভূমিহীনদের জন্য পরিবার প্রতি ২ লাখ টাকা প্রদান করা হবে। এ ছাড়া ক্ষতিগ্রস্তদেরকে নিজেদের সুবিধামত জায়গায় পুনর্বাসন করা হবে।" বড়পুকুরিয়া ভূমি ও সম্পদ রক্ষা কমিটির উপদেষ্টা বুলবুল আহমেদ ও সাধারন সম্পাদক মোস্তফা জামান এই প্রকল্প প্রত্যাখ্যান করে বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যেখানে বাণিজ্যিক এলাকার প্রতি শতক জমির বর্তমান সর্বনিম্ন মূল্য ১ লাখ টাকা সেখানে একর প্রতি ২৫ লাখ টাকা আমরা মেনে নিতে পারি না।" তারা বলেন, "এ ছাড়া আমাদেরকে যে প্যাকেজ দেওয়া হয়েছে সেখানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যাপারে কোন নীতিমালা নেই।" তারা বলেন, "২০০৯ সালের ১৫ মে সমঝোতা চুক্তি বাস্তবায়ন ছাড়া অন্য কোন চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত আমরা মানবো না।" তারা জানান, ক্ষতিগ্রস্তদের সাথে আলোচনার পর আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে সরকারের সিদ্ধান্ত মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন জীবন ও সম্পদ রক্ষা কমিটির আহ্বায়ক ইব্রাহিম খলিল। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দাবি অনুযায়ী জমির মূল্য না পেলেও এখন দর কষাকষি করতে গেলে সময়ক্ষেপণ হবে। আগামী ১ বছরেও যা বাস্তবায়ন সম্ভব হবে না। এতে ক্ষতিগ্রস্তরা আরো ক্ষতিগ্রস্থ হবে।" তিনি বলেন, "ক্ষতিগ্রস্থ অনেকেই প্রকল্পের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছেন। তারপরও সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।" উল্লেখ্য, সরকারের পক্ষে পেট্রোবাংলা ও এর আওতাধীন বড়পুকুরিয়া কোল মাইনিং কো. লি. এবং খনি এলাকার ক্ষতিগ্রস্থ জনগণের প্রতিনিধির সাথে সমঝোতা চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী ক্ষতিগ্রস্থদের পক্ষ থেকে জমির মূল্য নির্ধারণে তিনটি মতামত দেওয়া হয়। এই মতামত তিনটি হচ্ছে- পদ্মা সেতু প্রকল্পের জমির সর্বোচ্চ মূল্য অর্থাৎ মাওয়া পয়েন্ট এলাকার ক্ষতিগ্রস্ত মানুষকে যে বছর যে মূল্য প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে বছর থেকে ২০০৯ সাল পর্যন্ত মূদ্রাস্ফীতি যোগ করে মূল্য নির্ধারণ। বড়পুকুরিয়া কয়লা খনির ক্ষতিগ্রস্ত এলাকায় সর্বোচ্চ মূল্যে যে জমি ক্রয় বিক্রয় হয়েছে তার দালিলিক মূল্যের ভিত্তিতে মূল্য নির্ধারণ। অথবা প্রথম ও দ্বিতীয়টির মধ্যে যে মূল্য সর্বাধিক সেটি নির্ধারণ। সমঝোতা চুক্তির অন্যান্য বিষয়গুলোর মধ্যে রয়েছে খনি এলাকার নিকটবর্তী উপযুক্ত স্থানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় নাগরিক সুবিধার মাইনিং সিটি প্রতিষ্ঠা করা। ভুমি ও সম্পদ রক্ষা কমিটির নেতারা বলেছেন, উপরোক্ত সমঝোতা চুক্তি বাস্তবায়নের কোন কথা প্রকল্পে উল্লেখ নেই। এ বিষয়ে কোন আপোষ নয়, প্রয়োজনে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৪৫৪ ঘ.