ঢাকা, নভেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি 'গোষ্ঠী' পরিকল্পিতভাবে পুঁজিবাজারে সরকারি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমাচ্ছে বলে মনে করে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল এ বিষয়টি খতিয়ে দেখতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) বলেছেন।
মঙ্গলবার সংসদ ভবনে কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।
মুস্তফা কামাল বলেন, "পুঁজিবাজারে একটি গোষ্ঠী সব সময়ই তৎপর আছে। যে মুহূর্তে সরকারি প্রতিষ্ঠানগুলোর পুঁজিবাজারে আসার সিদ্ধান্ত নেওয়া হলো, আশ্চর্যজনকভাবে সেই মুহূর্ত থেকেই সরকারি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমতে শুরু করে।
অথচ এর আগে প্রতিদিনই এসব শেয়ারের দাম বেড়েছে। তাই আমরা (কমিটি) মনে করি পরিকল্পিতভাবে সরকারি শেয়ারের দাম কমানো হচ্ছে।"
তিনি জানান, যেসব সরকারি প্রতিষ্ঠানের পুরো উদ্যমে পুঁজিবাজারে আসার সময় ঘনিয়ে এসেছে, সেগুলোর শেয়ারের দাম কমে যাচ্ছে। এ কারণে বিষয়টি কমিটির কাছে অস্বাভাবিক মনে হচ্ছে।
কমিটির সভাপতি আরো বলেন, শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়ে বিনিয়োগকারীদের সচেতন করতে এসইসিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া আইপিও ইস্যুকারী কোম্পানির স্বার্থ সংরক্ষণে ব্যবস্থা নেয়ারও অনুরোধ জানানো হয়।
বর্তমানে ১২টি সরকারি প্রতিষ্ঠানের কিছু শেয়ার পুঁজিবাজারে রয়েছে। আগামী ডিসেম্বর নাগাদ এসব প্রতিষ্ঠানসহ মোট ২৬টি সরকারি প্রতিষ্ঠানের শেয়ার পুঁজিবাজারে আসার কথা রয়েছে।
কমিটির সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, অধ্যাপক মো. আলী আশরাফ, এ কে এম মাঈদুল ইসলাম, এম কে আনোয়ার, মো. তাজুল ইসলাম, গোলাম দস্তগীর গাজী এবং ফরিদা রহমান সভায় অংশ নেন।
এক সরকারি তথ্যবিবরণীতে বলা হয়, সভায় জাতীয় রাজস্ব ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। রাজস্ব আদায় ব্যবস্থাপনাকে দ্রুত সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা এবং রাজস্ব প্রশাসনের দক্ষতা ও সামর্থ বাড়ানোর পরামর্শ দেওয়া হয়।
বডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২৩৫৮ ঘ.
bdnews24