২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিবিয়ানায় গ্যাস উত্তোলন দ্বিগুণ করার চিন্তা

হবিগঞ্জের বিবিয়ানা খনি থেকে গ্যাস উত্তোলন দ্বিগুণ করতে চাইছে সরকার। এ বিষয়ে পদক্ষেপ নিতে সেখানে কার্যরত শেভরন কোম্পানিকে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2010, 09:28 AM

Updated : 25 Aug 2022, 07:35 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের বিবিয়ানা খনি থেকে গ্যাস উত্তোলন দ্বিগুণ করতে চাইছে সরকার। এ বিষয়ে পদক্ষেপ নিতে সেখানে কার্যরত শেভরন কোম্পানিকে বলা হয়েছে। তবে আগামী চার থেকে পাঁচ মাসে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ার কোনো সম্ভাবনা নেই। প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, ২০১১ সালের মধ্যে ২০০ মিলিয়ন কিউবিক ফুট জাতীয় গ্রিডে যোগ হতে পারে। বিবিয়ানার বিষয়ে মঙ্গলবার এক গোলটেবিল বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, "আমরা শেভরনকে বলেছি গ্যাস উত্তোলন ১ হাজার মিলিয়ন কিউবিক ফুট বাড়াতে; তারা বলেছে, ৬০০ মিলিয়ন কিউবিক ফুট সম্ভব।" বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্রের একটি বিবিয়ানা। এ খনিতে মজুদের পরিমাণ ৫ দশমিক ৫ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। উত্তোলন বাড়লে গ্যাস সঞ্চালন লাইনের দৈর্ঘ্য ১৯০ কিলোমিটার বাড়াতে বলে জানান তিনি। উপদেষ্টা জানান, গ্যাসের চাহিদা বাড়ায় পার্বত্যাঞ্চল ও সালদা নদী তীরবর্তী এলাকায় অনুসন্ধান শুরু হয়েছে। "চট্টগ্রাম অঞ্চলে গ্যাস সঞ্চালন বাড়ানোকে আমরা অগ্রাধিকার দিচ্ছি", বলেন তিনি। সাগরের দুটি ব্লকে খনিজ অনুসন্ধানের কাজ দিতে যুক্তরাষ্ট্রভিত্তিক কনোকো-ফিলিপসের সঙ্গে সমঝোতা চূড়ান্ত পর্যায়ে রয়েছে জানিয়ে তৌফিক বলেন, "আশা করছি, এক মাসের মধ্যেই এ বিষয়ে কাজ শুরু হবে।" কনোকো-ফিলিপসের সঙ্গে অসম চুক্তি হচ্ছে অভিযোগ করে তা না করতে সরকারকে হুঁশিয়ার করে আসছে নাগরিক সংগঠন তেল-গ্যাস খনিজ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, আগামী ছয় মাসে গ্যাস সরবরাহ বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে বাড়ছে না। জ্বালানি খাতের সঙ্কট মোকাবেলায় রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান বাপেক্সের ভূমিকা নিয়ে 'এনার্জি অ্যান্ড পাওয়ার' ওই গোলটেবিল বৈঠক আয়োজন করে। বৈঠকে উপদেষ্টা জানান, বাপেক্সকে আরো শক্তিশালী করতে সরকারের তরফ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে। তিনি জানান, খনিজ অনুসন্ধানকারী রাষ্ট্রায়াত্ত ওই প্রতিষ্ঠানের ১৩টি প্রকল্পে ১৭০০ কোটি টাকা বরাদ্দ দিচ্ছে সরকার। আরো পাঁচটি প্রকল্পের জন্য ৮৫০ কোটি টাকা দেওয়ার পরিকল্পনাও রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এমআই/১৩৫৫ ঘ.