ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকায় আবাসিক এলাকায় গুদাম করে সেখানে যেসব ব্যবসায়ী দাহ্য রাসায়নিক রাখেন এফবিসিসিআই তাদের পক্ষ নেবে না।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি আবুল কালাম আজাদ বৃহস্পতিবার বলেন, "যারা ঘরে দাহ্য রাসায়নিক মজুদ করে তাদের কারো পক্ষে তদবির করবে না এফবিসিসিআই।"
তবে পুরান ঢাকার রাসায়নিক ব্যবসায়ীরা দাবি করেছেন ভ্রাম্যমাণ আদালত তাদের 'হয়রানি' করছে। কেমিক্যাল ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ফারুক বলেছেন, "দমকল বাহিনীর সনদ না থাকায় ভ্রাম্যমাণ আদালত আমাদের জরিমানা করছে। কিন্তু বারবার আবেদন করা সত্ত্বেও আমরা সনদ পাচ্ছি না।"
সনদ বিষয়ে কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাদের 'হয়রানি' না করার আবেদন জানান ফারুক।
মুহম্মদ আসাদুল্লাহ নামে মিটফোর্ড এলাকার এক রাসায়নিক ব্যবসায়ী অভিযোগ করেন, কারখানায় শুধু সোডা ও বার্লি থাকা সত্ত্বেও তার ভাইকে চার লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এফবিসিসিআই সভাপতি আবুল কালাম ভ্রাম্যমাণ আদলতের মাধ্যমে ব্যবসায়ীদের 'হয়রানি' না করতে সরকারের প্রতি অনুরোধ জানান। একইসঙ্গে বিপদজনক রাসায়নিক গুদামে না রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।
রাজধানীতে অন্য এক অনুষ্ঠানে দমকল বাহিনীর মহপারিচালক আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, "আবাসিক এলাকা থেকে ব্যবাসীয়দের দাহ্য জাতীয় রাসায়নিক পদার্থ সরাতেই হবে।"
২০টি বিপদজনক রাসায়নিকের তালিকা থাকলেও এ বিষয়ে চূড়ান্ত কোনো তালিকা তৈরি হয়নি বলে জানান আবু নাঈম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/টিএ/পিডি/২২৩৭ ঘ.
bdnews24