ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ আবারো ক্ষুদ্র্ঋণের কঠোর সমালোচনা করেছেন।
তিনি বলেন, "ক্ষুদ্রঋণ দাতা প্রতিষ্ঠানগুলো তাদের ঋণগ্রহীতাদের কল্যাণের বিষয়টি উপেক্ষা করেছে। এসব প্রতিষ্ঠান ঋণগ্রহীতাদের সম্পদ বৃদ্ধি, তাদের সন্তানদের শিক্ষা ও স্বাস্থ্য পরিচর্যার বিষয়ে কখনো মনোযোগ দেয়নি। কেবলমাত্র ঋণ পরিশোধ এবং নিয়মিত সুদ আসছে কি না সেদিকেই তাদের নজর বেশি।"
পিকেএসএফের ২০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার এর বিস্তারিত পরিকল্পনা তুলে ধরতে গিয়ে কাজী খলীকুজ্জমান এসব কথা বলেন।
তিনি বলেন, "আমরা ঋণের চক্র থেকে মানুষকে মুক্ত করে তাদের সম্পদ বৃদ্ধির চেষ্টা করছি, যাতে ক্ষুদ্রঋণের বিরূপ প্রতিক্রিয়া কমে আসে।"
পিকেএসএফের ২০ বছর পূর্তির চারদিনব্যাপী অনুষ্ঠান আগামী ৬ নভেম্বর থেকে এর সদরদপ্তরে শুরু হচ্ছে।
দারিদ্র্য বিমোচনকে টেকসই করতে দেশের সাতটি বিভাগের ২১ ইউনিয়নে প্রায় ৫৫ হাজার পরিবারকে 'উন্নয়ন ঋণ' দিয়ে পরিবার ভিত্তিক সমন্বিত উন্নয়ন কার্যক্রমের আওতায় আনতে গত মে মাসে পিকেএসএফ এক নতুন উদ্যোগ গ্রহণ করে।
গত ২০ মে এই নতুন উদ্যোগের কথা ঘোষণা করার সময় খলীকুজ্জমান বলেছিলেন, "শুধু ঋণ নিয়ে কোনো পরিবার বা দেশ এগোতে পারে না। ২০ বছরে তার প্রতিষ্ঠান সঠিকভাবে না হেঁটে ক্ষুদ্রঋণের কাজটিই করেছে। এজন্য এবার টেকসই কর্মসংস্থানের লক্ষ্যে শিক্ষা ও স্বাস্থ্য সেবাকে অন্তর্ভুক্ত করে পরিবারভিত্তিক সমন্বিত উন্নয়নের উদ্যোগ নিয়েছে পিকেএসএফ।"
ওই সময় তিনি আরো বলেন, দারিদ্র বিমোচনকে টেকসই করতে দেওয়া ঋণকে তিনি আর ক্ষুদ্রঋণ বলতে চান না। তিনি একে 'উন্নয়ন ঋণ' আখ্যায়িত করেন। এই ঋণ দরিদ্র পরিবারের সক্ষমতা বৃদ্ধি করে কর্মসংস্থান বাড়ানোয় ভূমিকা রাখবে বলে খলীকুজ্জমান মনে করেন।
১৯৯০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এ ফাউন্ডেশন পল্লী অঞ্চলে কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টির (যা তাদের করার কথা ছিল) পরিবর্তে নিজেকে একটি ক্ষুদ্রঋণদাতা সংস্থায় পরিণত করে। এ পর্যন্ত ফাউন্ডেশন এক কোটি পাঁচ লাখ পরিবারকে অর্থায়নের আওতাভুক্ত করেছে। এর মধ্যে ৮৩ লাখ উপকারভোগী ঋণ নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/টিএ/এইচএ/২১৪৯ ঘ.
bdnews24