সাতক্ষীরা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সড়ক দুর্ঘটনায় মৃত্যুর জেরে ভারতের ঘোজাডাঙ্গার চৌরঙ্গী এলাকায় অবরোধের কারণে এপারের সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কাজ ব্যাহত হয়েছে।
বৃহস্পতিবার ঘোজাডাঙ্গা এলাকার পানিতর মহিলা সমিতি ঘোজাডাঙ্গা-ইটেন্ডিয়া সড়ক অবরোধ করে।
আগেরদিন বিকালে ওই সড়কে একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায় নেকুদা গ্রামের রতিকান্ত দাশ (৬৫) নামের এক ভ্যানচালক।
ঘোজাডাঙ্গার ব্যবসায়ী ও শুল্ক কর্মকর্তাদের বরাত দিয়ে ভোমরা স্থলবন্দর সিএ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী নওশাদ দেলোয়ার রাজু সাংবাদিকদের জানান, দুর্ঘটনায় মৃত্যুর জেরে পানিতর মহিলা সমিতি ও স্থানীয় জনতা চৌরঙ্গী বাজার মোড়ে সড়ক অবরোধ করে।
এই কারণে ভারতের পণ্যবাহী ট্রাক ঘোজাডাঙ্গা বন্দরে প্রবেশ করতে পারেনি।
তিনি আরো জানান, সকাল থেকে ৪০টি ট্রাক পণ্য নিয়ে ওপার থেকে ভোমরা স্থলবন্দরে আসে। অবরোধের কারণে এরপর কোনো পণ্যবাহী ট্রাক ঘোজাডাঙ্গা বন্দরে পৌঁছাতে পারেনি।
ভোমরা বন্দর কাস্টমস হাউজের সুপারিনটেনডেন্ট মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারতীয় অংশে সড়ক অবরোধের কারণে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কাজ ব্যাহত হয়েছে।
ঘোজাডাঙ্গা বন্দর কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের সঙ্গে সমঝোতার চেষ্টা করছেন। সমঝোতা হয়ে গেলে ভোমরা দিয়ে আমদানি-রপ্তানি আবার স্বাভাবিক হয়ে আসবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৬ ঘ.
bdnews24