২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইমস'র বোনাস, রাইটস শেয়ার ঘোষণায় আর বাধা নেই

এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের বোনাস ও রাইটস শেয়ার অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2010, 02:26 PM

Updated : 25 Aug 2022, 07:32 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের বোনাস ও রাইটস শেয়ার অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এ ব্যাপারে হাইকোর্টের নির্দেশনা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল না করারও সিদ্ধান্ত নেয় এসইসি। বুধবার এসইসির এক বৈঠক শেষে এর নির্বাহী কর্মকর্তা আনোয়ারুল কবির ভূঁইয়া সাংবাদিকদের এ কথা জানান। এই সিদ্ধান্তের ফলে অ্যাসেট ম্যানেজমেন্ট ফার্ম এইমস অব বাংলাদেশের বোনাস ও রাইটস শেয়ার ছাড়ার ক্ষেত্রে আর কোনো বাধা রইলো না। গত ৫ অক্টোবর এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের বোনাস ও রাইটস শেয়ার ছাড়ার ক্ষেত্রে এসইসি'র অনুমোদন না দেওয়াকে অবৈধ বলে রায় দেয় হাইকোর্ট। সেইসঙ্গে ১০ দিনের মধ্যে রায়ের আলোকে ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়। এর আগে গত ২৪ ফেব্র"য়ারি এইমস অব বাংলাদেশ তার মিউচুয়াল ফান্ডের বিপরীতে বোনাস ও রাইটস শেয়ার দেওয়ার ঘোষণা দেয়। পরদিনই ডিএসই'র ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত থাকবে। গত ৭ মার্চ এসইসি এই মিউচুয়াল ফান্ডের বোনাস ও রাইটস শেয়ার দেওয়ার আবেদন নাকচ করে। তবে পরদিন থেকে শেয়ারের লেনদেনের অনুমোদন দেওয়া হয়। এসইসি'র ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে এক বিনিয়োগকারী হাইকোর্টে রিট আবেদন করলে আদালত এসইসি'র এ সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিতের নির্দেশ দেয়। সেইসঙ্গে এসইসি'র এই সিদ্ধান্তকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ জানাতে বলা হয়। গত ২৯ মার্চ পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই শেয়ারের লেনদেন স্থগিত করার সিদ্ধান্ত নেয় এসইসি। ৯৪ দিন পর গত ২৯ জুলাই লেনদেনের এই স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় এসইসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/জেবি/এইচএ/২০২৩ ঘ.