২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওষুধে ভেজাল রোধে নীতিমালার তাগিদ আদালতের

ওষুধে ভেজাল রোধে নীতিমালা তৈরির জন্য ১৫ দিনের মধ্যে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2010, 11:09 AM

Updated : 25 Aug 2022, 07:32 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওষুধে ভেজাল রোধে নীতিমালা তৈরির জন্য ১৫ দিনের মধ্যে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি বাজার থেকে বিভিন্ন ধরনের ওষুধের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পরীক্ষা করে চার সপ্তাহের মধ্যে এর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ-এর এক আবেদনে বুধবার বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের বেঞ্চ এ আদেশ দেয়। মঙ্গলবার একই বেঞ্চে এই আবেদন করা হয়। আগামী ১৩ ডিসেম্বর আবেদনটির ওপর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ভেজাল প্রতিরোধে সরকারের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং ভেজালের অপরাধে কেন আইনগত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হবে না, আগামী চার সপ্তাহের মধ্যে সরকারকে তার কারণ জানাতেও বলেছে আদালত। আদেশে ন্যাশনাল ড্রাগ অ্যাডভাইজরি কাউন্সিল ও ড্রাগ কন্ট্রোল কমিটির দুই বছরের কার্যক্রমের প্রতিবেদন চার সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতেও বলা হয়। এছাড়া ১৯৯১ সালে ভেজাল প্যারাসিটামল ওষুধ খেয়ে ৭৬ শিশুর মৃত্যুর ঘটনা তদন্ত ও বিচার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন আদালতে দাখিল করারও নির্দেশ দেওয়া হয়েছে। এসব আদেশ মানা হয়েছে কি না, আগামী ছয় সপ্তাহের মধ্যে এর প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। আবেদনকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ শুনানিতে বলেন, "ওষুধে ভেজালের কারণে জনস্বাস্থ্য হুমকির সম্মুখীন। ভেজাল ওষুধ খেয়ে প্রায়ই শিশু মারা যায়। সরকারের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে এসব প্রতিরোধ করা।" সংবিধানের ১৮ (১) অনুচ্ছেদ তুলে ধরে আবেদনে বলা হয়, জনস্বাস্থ্য রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার সাংবিধানিক দায়িত্ব রাষ্ট্রের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৭০০ ঘ.