২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোরবানির হাটে থাকবে র‌্যাব-পুলিশের ক্যাম্প

কোরবানির পশুর হাটে চাঁদাবাজি প্রতিরোধ এবং নিরাপত্তার জন্য র‌্যাব ও পুলিশের ক্যাম্প থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2010, 08:51 AM

Updated : 25 Aug 2022, 07:32 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোরবানির পশুর হাটে চাঁদাবাজি প্রতিরোধ এবং নিরাপত্তার জন্য র‌্যাব ও পুলিশের ক্যাম্প থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। মঙ্গলবার সচিবালয়ে এক বৈঠকের পর তিনি একথা জানান। এছাড়া দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে পৃথক পৃথক মনিটরিং সেল খোলা হবে। এসব সেল সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ মাসের মাঝামাঝিতে ঈদুল আজহা অনুষ্ঠিত হতে যা"েচ্ছ। এজন্য দেশের বিভিন্ন স্থানে বসবে কোরবানির পশুর হাট। রাজধানীতে ১২টি অস্থায়ী কোরবানির পশুর হাটের জন্য সোমবার দরপত্র গ্রহণ ও খোলা হয়েছে। এসব হাটে চাঁদাবাজির অভিযোগ ওঠে প্রতিবছরই। কোরবানীর পশুর হাটের নিরাপত্তা এবং চামড়া পাচার বন্ধে করণীয় নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের পর সাহারা সাংবাদিকদের বলেন, "ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটে নিরাপত্তা ও চাঁদাবাজি রোধে আইন-শৃঙ্খলাবাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে। পশুর হাটগুলোর জন্য থাকবে পৃথক নিরাপত্তা ব্যবস্থা। যাতে কোন উচ্ছৃংখলতা বা সন্ত্রাস ও চাঁদাবাজির মতো ঘটনা না ঘটে, সেজন্য তাদের ব্যবস্থা নিতে বলা হয়েছে।" হাটে পশু আনা-নেওয়ার পথে চাঁদাবাজি বন্ধে নৌ ও সড়ক পথে আইন-শৃংখলাবাহিনী সার্বক্ষণিক নজরদারি করবে, বলেন তিনি। রাজধানীর পুরাতন কোরবানির পশুর হাটগুলো পূর্বের মতোই হাসিল আদায় এবং নতুন হাটের জন্য সিটি কর্পোরেশন নির্ধারিত হাসিল আদায় করা হবে বলে বৈঠকে জানানো হয়। এছাড়া কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণের জন্য সিটি কর্পোরেশনের প্রতি আহ্বান জানানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পশুর কাঁচা চামড়া পাচার রোধে জেলা ও উপজেলায় মানুষকে সচেতন করতে সভা করা হবে। আইন-শৃঙ্খলা বাহিনীও সর্তক থাকবে। দেশ বর্তমানে অ্যানথ্রাক্সমুক্ত জানিয়ে সাহারা বলেন, "অযথা বিভ্রান্তি ছড়িয়ে কোরবানির মাংস থেকে গরিব মানুষের হক নষ্ট করবেন না।" সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব উজ্জ্বল বিকাশ দত্ত, পুলিশের মহাপরির্দশক হাসান মাহমুদ খন্দকার ও র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৬০৭ ঘ.