২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাসে প্রায় ৩০ হাজার জনশক্তি রপ্তানি

মাসে গড়ে ২৮-৩০ হাজার জনশক্তি রপ্তানি হচ্ছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2010, 04:24 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাসে গড়ে ২৮-৩০ হাজার জনশক্তি রপ্তানি হচ্ছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির এক বৈঠকে এ তথ্য জানানো হয়। বৈঠকে সভাতিত্ব করেন কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ। সরকারের এক তথ্য বিবরণীতে এ কথা জানিয়ে বলা হয়, প্রশিক্ষিত জনশক্তি রপ্তানি করার জন্য আগামি দুই বছরের মধ্যে প্রায় এক হাজার কোটি টাকা ব্যয়ে ৩৬টি ট্রেনিং ইনস্টিটিউট নির্মাণ করা হবে। এতে প্রতি বছর অতিরিক্ত আরো এক লাখ লেককে প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে জানানো হয়। দক্ষিণ কোরিয়ার শ্রম বাজারে বাংলাদেশ থেকে পাঠানো জনশক্তির সমস্যা সমাধানেও সুপারিশ করে কমিটি। দক্ষিণ কোরিয়ার আইনানুযায়ী কাউকে একই স্থানে ছয় মাসের বেশি আটকে রাখা যায় না। এর ফলে বাংলাদেশ থেকে পাঠানো জনশক্তি প্রশিক্ষণ শেষে স্থান বদল করায় দক্ষিণ কোরিয়ায় শ্রম বাজারে বিরূপ প্রভাব পড়ছে। এর সমাধানে শ্রমিকরা যাতে স্থান বদল না করে সে বিষয়টি নিশ্চিত করে জনশক্তি পাঠানোর সুপারিশ করা হয়। বৈঠকে ইস্কাটনের ওয়ান স্টপ সার্ভিস কাম হোস্টেল কমপ্লেক্স নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সৃষ্ট সমস্যা সমাধানের জন্য একজন দক্ষ আইনজীবীর পরামর্শ নিয়ে এ বছরের ২৪ নভেম্বরের মধ্যে নির্ধারিত দর অনুযায়ী পরিশোধিত টাকার সমপরিমাণ ফ্লোর স্পেস শ্রম ও জনশক্তি প্রশিক্ষণ ব্যুরোকে (বিএমইটি) বুঝে নেওয়ার সুপারিশ করা হয়। এছাড়া হাইকোর্ট থেকে জারি করা নিষেধাজ্ঞা বাতিল করার উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরকে পদক্ষেপ গ্রহণেরও সুপারিশ করা হয়। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, জাফরুল ইসলাম চৌধুরী, এ বি এম আবুল কাসেম, মো. শাহাব উদ্দিন, কর্নেল (অব.) এ এ মারুফ সাকলান, মাহমুদ উস সামাদ চৌধুরী, মোশতাক আহমেদ রুহী ও বেগম শাহিদা তারেখ দীপ্তি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেবি/পিডি/২২১৬ ঘ.