ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারের লেনদেন তিন হাজার কোটি টাকা ছাড়িয়ে নতুন রেকর্ড হয়েছে।
রোববার দিনশেষে লেনদেন দাঁড়ায় তিন হাজার ২০৮ কোটি টাকা। যা গত দিনের চেয়ে আট পয়েন্ট বেশি।
এর আগে গত ১২ মে ডিএসই'র লেনদেন দুই হাজার কোটি টাকা ছাড়িয়ে যায়।
এছাড়া রোববার মূল্য সূচকও কিছুটা বেড়ে নতুন রেকর্ড হয়েছে। সূচক ২০ পয়েন্ট বেড়ে দিন শেষে দাঁড়ায় ৭৯৫৭.১২।
বাজার বিশ্লেষকরা বলছেন, ক্ষুদ্র বিনিয়োগকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় পুঁজি বাজারে এমন ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।
ডিসই'র সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদ জানান, এই ঊর্ধ্বগতির কারণ বাজারে রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠানগুলোর শেয়ার ছাড়ার সিদ্ধান্ত।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকার যদি এখন বাজারে শেয়ার ছাড়ে তবে তারা বাজার থেকে লাভবার হবে ও পর্যাপ্ত তহবিল গড়ে তুলতে পারবে।
অপরদিকে বাজারে যদি নতুন শেয়ার ছাড়া না হয় তবে অতিমূল্যায়িত শেয়ারের দাম কমে আসবে। এতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবেন।"
রোববার ৬৬ শতাংশ শেয়ারের দাম কমে যায় ও ৭৯ টি শেয়ারের দাম বেড়ে যায়। লেনদেনে শীর্ষে ছিল তিতাস গ্যাস। এছাড়া বেক্সিমকো, এবি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিঃ ও বেক্সটেক্স লেনদেনে এগিয়ে ছিল।
ডিসই'র সাবেক কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদ শেয়ারের এই দর পতনকে 'শুভ লক্ষণ' হিসাবে আখ্যায়িত করেছেন।
তিনি বলেন, "অধিকাংশ শেয়ারের দাম পড়ে যাওয়ায় শেয়ারের দাম সংশোধন হয়েছে, যা বাজারের জন্য শুভ লক্ষণ।"
তবে আকস্মিক দর পতন ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করবে বলে তিনি সতর্ক করে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/জেবি/এইচএ/২১১০ ঘ.
bdnews24