২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে নিষেধাজ্ঞা

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফার্মা এইড ও চিটাগাং ভেজিটেবলের শেয়ার লেনদেন নিষেধ করেছে এসইসি। প্রতিষ্ঠান দুটির শেয়ারের 'অস্বাভাবিক মূল্যবৃদ্ধি'রও তদন্ত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2010, 03:08 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফার্মা এইড ও চিটাগাং ভেজিটেবলের শেয়ার লেনদেন নিষেধ করেছে এসইসি। প্রতিষ্ঠান দুটির শেয়ারের 'অস্বাভাবিক মূল্যবৃদ্ধি'রও তদন্ত হবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির ভূঁইয়া রোববার কমিশনের এক সভার পর এ তথ্য জানান। ফার্মা এইড সম্প্রতি এর শেয়ারের বিপরীতে পাঁচশ শতাংশ মুনাফা দেওয়ার ঘোষণা দেয়। এতে রোববার প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের মূল্য এক পর্যায়ে আগের দিনের চেয়ে ১১ হাজার ছয়শ ১৬ টাকা ২৫ পয়সা বেড়ে হয় ২৫ হাজার টাকা। রোববার দিন শেষে প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্য একশ ৬২ দশমিক ২৯ শতাংশ বেড়ে হয় ১৮ হাজার পাঁচশ ৮০ টাকা। ঘোষিত মুনাফা দেওয়ার মতো অবস্থা ফার্মা এইডের আছে কি না তা তদন্তের দুই সদস্যের কমিটি করেছে এসইসি। কমিটিকে সাতদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। উঁচু দাম সত্ত্বেও রোববার কারা ওই প্রতিষ্ঠানের শেয়ার কিনেছে তাও চিহ্নিত করবে তদন্ত কমিটি। গতমাসে কারা চিটাগাং ভেজিটেবলের শেয়ার কিনেছেন তাও কমিটি তদন্ত করবে বলে জানান এসইসি'র মুখপাত্র। ওই প্রতিষ্ঠানের বিনিয়োগকারীদের বিস্তারিত বিবরণ জানাতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) বলেছে এসইসি। রোববার চিটাগাং ভেজিটেবলের শেয়ারের দাম ৩০ দশমিক ৪৯ শতাংশ বেড়ে দুই হাজার চারশ ৯০ টাকা ২৫ পয়সায় গিয়ে থামে। ফার্ম এইডের শেয়ারের 'অস্বাভাবিক মূল্যবৃদ্ধি' সত্ত্বেও কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সে বিষয়ে ডিএসই'র কাছে এসইসি ব্যাখ্যা চাইবে বলে জানান আনোয়ারুল কবির। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/টিএ/পিডি/২০৫৯ ঘ.