২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয়মাসের মধ্যে টেশিস'র ল্যাপটপ: মন্ত্রী

আগামী ছয়মাসের মধ্যে টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) তৈরি ল্যাপটপ বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2010, 01:57 PM

Updated : 25 Aug 2022, 07:29 PM

গাজীপুর, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী ছয়মাসের মধ্যে টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) তৈরি ল্যাপটপ বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। তিনি বলেন, "টেশিস থেকেই আগামী ছয়মাসের মধ্যে ল্যাপটপ সংযোজন, উৎপাদন ও বাজারজাত করা হবে, যা পাওয়া যাবে মাত্র ১০ হাজার টাকায়।" গাজীপুরের টঙ্গীতে টেলিফোন শিল্প সংস্থার কারখানায় স্থাপিত মোবাইল ফোনের ব্যাটারি ও চার্জার নির্মাণ প্ল্যাান্ট উদ্বোধন করতে এসে বৃহস্পতিবার বিকালে টেলিযোগাযোগ মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। তিনি আরো বলেন, "টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) এতদিন অবহেলিত ছিলো। প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই শিল্পকে আধুনিকায়ন করা হবে।" টেশিস-এ কলার আইডি টেলিফোন সেট, মোবাইল ফোনের ব্যাটারি ও চার্জার উৎপাদন প্ল্যাান্ট এবং প্রিপেইড ডিজিটাল ইলেক্ট্রিক মিটার সংযোজন প্ল্যান্টসহ চারটি প্ল্যান্ট উদ্বোধন করেন মন্ত্রী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল, টঙ্গী পৌরসভার মেয়র আজমত উল্যাহ খান প্রমুখ। প্ল্যান্টগুলো উদ্বোধন করে মন্ত্রী বলেন, ২০১১ সাল থেকে ল্যাপটপ সংযোজন ও উৎপাদন ছাড়াও মোবাইল ফোন সংযোজন-উৎপাদন, সোলার প্যানেল সংযোজন-উৎপাদন, গ্যাস মিটার উৎপাদন, মেইনটেইন্যান্স ফ্রি মিটার উৎপাদনের কার্যক্রমের শুরু হবে। এতে একদিকে যেমন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে অন্যদিকে বৈদেশিক মুদ্রা সাশ্রয়সহ দেশ স্থানীয় ও বৈদেশিক কারিগরি প্রযুক্তি ও জ্ঞানের অধিকারী হবে বলে মনে করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৪ ঘ.