ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ১ নভেম্বর থেকে ধর্মঘটে যাচ্ছে না সিএনজি স্টেশন মালিকরা।
বৃহস্পতিবার সচিবালয়ে জ্বালানি প্রতিমন্ত্রী মো. এনামুল হকের সঙ্গে এক বৈঠক শেষে ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন নয়ন সাংবাদিকদের এ কথা জানান।
জ্বালানি প্রতিমন্ত্রী এনামুল হক বলেন, "আমরা তাদের ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ জানিয়েছি। পেট্রোবাংলার সঙ্গে আলোচনা করে সিএনজি রেশনিং এর নতুন সময় নির্ধারণ করা হবে।"
জাকির হোসেন নয়ন বলেন, "সাত দফা দাবিতে ডাকা ধর্মঘট ২৫ নভেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। এ সময়ের মধ্যে পেট্রোবাংলার সঙ্গে আলোচনা করে জনগণের সুবিধার কথা বিবেচনা করে গ্যাস নেওয়ার উপযুক্ত সময় বের করা হবে। এতে সিএনজি মালিকসহ সাধারণ জনগণেরও সুবিধা হবে।"
এর আগে গত রোববার পেট্রোবাংলার সঙ্গে সিএনজি স্টেশন মালিকদের বৈঠকে কোনো সিদ্ধান্ত না হওয়ায় ১ নভেম্বর ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন স্টেশন মালিকরা।
সিএনজি স্টেশন প্রতিদিন ছয় ঘণ্টা বন্ধের সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারসহ সাত দফা দাবিতে ওই ধর্মঘটে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।
৭ দফা দাবির মধ্যে রয়েছে- গ্যাসের উৎপাদন-বণ্টন ও চাহিদার সমতা আনার পূর্বে সিএনজির মূল্য বৃদ্ধি না করা, এনার্জি রেগুলেটরি কমিশনের লাইসেন্স ফি এক লাখ টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা ও নবায়ন ফি এক লাখ টাকার পরিবর্তে এক হাজার টাকা নির্ধারণ করা এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের বাধ্যবাধকতা থেকে সিএনজি স্টেশনকে অব্যাহতি দেওয়া।
বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বাড়াতে গ্যাস সরবরাহের জন্য সরকার গত ১৬ অগাস্ট থেকে প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
দেশে ৫৮২টি সিএনজি স্টেশন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এজে/আরএ/১৫২০ ঘ.
bdnews24