২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইলা দুর্গত এলাকায় বাঁধ নির্মাণে ৩১৫ কোটি টাকার প্রকল্প

আইলা দুর্গত এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অবকাঠামো পুনঃনির্মাণসহ প্রায় ৯৯৯ কোটি টাকার আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2010, 03:17 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইলা দুর্গত এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অবকাঠামো পুনঃনির্মাণসহ প্রায় ৯৯৯ কোটি টাকার আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার বিকালে শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে শেষে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার সাংবাদিকদের বলেন, আইলা দুর্গত খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এলাকায় অবকাঠামো পুনর্বাসনসহ আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদিত হয়েছে। প্রায় ৯৯৯ কোটি টাকা ব্যয়সাপেক্ষ এসব প্রকল্প পুরোপুরি সরকারি অর্থায়নে বাস্তবায়িত হবে। এই তিনটি জেলায় পানি উন্নয় বোর্ডের মোট ২০.৬৫ কিলোমিটার বাঁধ নির্মাণ, ৫০০ কিলোমিটার বাঁধ মেরামত, ২০টি রেগুলেটর নির্মাণ, ১৬টি ড্রেনের আউটলেট নির্মাণ, ৬৭টি স্লুইসগেট মেরামত, ৮ কিলোমিটার তীর সংরক্ষণসহ ৩১৫ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ২০১০ এর জুলাই থেকে ২০১৩ সালের জুনের মধ্যে এ প্রকল্প বাস্তবায়িত হবে। এছাড়া ২৭১ কোটি টাকা ব্যয়সাপেক্ষ পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও জয়পুরহাট সমন্বিত উন্নয়ন প্রকল্প, ৭৩ কোটি টাকার জামালপুরের ইসলামপুর উপজেলার বহ্মপুত্র নদের উপর দু'টি সেতু নির্মাণ প্রকল্প, ১১৭ কোটি টাকার ভোমরা স্থল বন্দর সংযোগসহ সাতক্ষীরা শহর বাইপাস সড়ক নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। বৈঠকে ৭০ কোটি টাকার খিলগাঁও ফ্লাইওভার লুপ নির্মাণ প্রকল্প, ৭১ কোটি টাকার মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম তৃতীয় প্রকল্প এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ৪৩ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন পায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেবি/এইচএ/২১০৯ ঘ.