২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সড়কে পশুর হাট নয়, পরামর্শ ডিসিসিকে

ঈদুল আজহায় ঢাকা শহরে গাড়ি চলাচল যেন ব্যাহত না হয়, সেজন্য সড়কে পশুর হাট না বসাতে ঢাকা সিটি কর্পোরেশনকে (ডিসিসি) পরামর্শ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2010, 09:47 AM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল আজহায় ঢাকা শহরে গাড়ি চলাচল যেন ব্যাহত না হয়, সেজন্য সড়কে পশুর হাট না বসাতে ঢাকা সিটি কর্পোরেশনকে (ডিসিসি) পরামর্শ দেওয়া হয়েছে। ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য যানবাহন চলাচল বিষয়ক এক সভা শেষে মঙ্গলবার নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, "ঈদুল আযহার আগে ও পরের তিনদিন দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে ট্রাক পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" নৌ-মন্ত্রণালয়ের সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। শাজাহান খান বলেন, "ঈদের সময় ফেরিঘাটে দু'টি সেবাজাতীয় (ইউটিলিটি) নতুন ফেরি সংযুক্ত হবে। গাড়ির জটলায় কোনো গাড়ি বিকল হলে তা সরিয়ে নিতে একটি রেকার রাখা হবে।" ঈদ উপলক্ষে ঘাট ও সড়কগুলোতে সব ধরনের চাঁদাবাজি এবং নৌ-ডাকাতি বন্ধে স্থানীয় ও পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ঈদে লঞ্চে ভাড়া না বাড়াতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তপক্ষ (বিআইডব্লিউটিএ) লঞ্চ মালিক সমিতির সঙ্গে আলোচনা করবে। দুই পক্ষ আলোচনা করেই ঈদে লঞ্চ ব্যবস্থাপনার সিদ্ধান্ত নেবে। পাটুরিয়া-দৌলতদিয়া ও হরিণা-আলুবাজার ফেরিঘাটে ডুবো চর জেগে উঠায় সেখানে নদী-খননের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান শাজাহান খান। তিনি বলেন, নদী খনন কার্যক্রম জোরদার করতে সরকারিভাবে তিনটি ড্রেজার কেনা হয়েছে। আগামী মাসের মধ্যে এসব ড্রেজার দেশে আসবে। এছাড়াও বেসরকারি পর্যায়ে আরো ১১টি ড্রেজার কেনা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, এসব ড্রেজার কেনা হলে দেশে নদী খনন কার্যক্রমে আরো গতিশীলতা বাড়বে। চট্টগ্রাম বন্দর পরিস্থিতি বিষয়ে শাজাহান খান বলেন, এখন বন্দর পরিস্থিতি অনেক ভালো হয়েছে। আগামীকাল (বুধবার) সেখানে একটি সভা হবে। সভায় পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। নৌ-পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সভায় বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, লঞ্চ মালিক ও শ্রমিকদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং ট্রাক মালিক ও চালকদের বিভিন্ন সমিতির প্রতিনিধিরা যোগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/১৫৩৪ ঘ.