ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ রক্ষায় তহবিল গঠনে দেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ভিন্ন ধরনের একটি ডেবিট কার্ড চালু করেছে।
শনিবার দেশে প্রথমবারের মতো 'প্ল্যানেট কার্ড' নামে এ ডেবিট কার্ড ব্র্যাক ব্যাংক চালু করে বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্ল্যানেট কার্ডধারী প্রত্যেক গ্রাহক প্রতি বছর ২৫ টাকা করে অনুদান দেবেন। এর সঙ্গে সমপরিমাণ অর্থ যোগ করে ব্র্যাক ব্যাংক তা সামাজিক কার্যক্রমে ব্যয় করবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব কার্যক্রমের মধ্যে রয়েছে, সঠিক উপায়ে বর্জ্য ব্যবস্থাপনা, বিনামূল্যে বৃক্ষচারা বিতরণ এবং নবায়নযোগ্য জ্বালানির উৎসগুলোতে অর্থায়ন করাসহ বিভিন্ন কার্যক্রম।
দেশের শীর্ষস্থানীয় রেস্টুরেন্ট ও লাইফস্টাইল দোকানগুলোতে মূল্যছাড় পাবেন, দেশজুড়ে নির্দিষ্ট ফিলিং স্টেশনে এই কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারবেন, সারাদেশে ব্র্যাক ব্যাংকের প্রায় দেড় হাজার পিওএস টার্মিনালের মাধ্যমে কেনাকাটা, ব্র্যাক ব্যাংকের দুশটিরও বেশি এটিএম বুথ থেকে নগদ অর্থ উত্তোলন সুবিধা ও এটিএম বুথ থেকে দৈনিক এক লাখ টাকা পর্যন্ত অর্থ উত্তোলন সুবিধা পাবেন প্ল্যানেট কার্ডধারীরা।
এছাড়া ৩২টি ব্যাংকের অমনিবাস নেটওয়ার্কের আওতাধীন এটিএম বুথ এবং রূপালী ব্যাংকের সব এটিএম বুথ ব্যবহারের সুবিধা পাবেন তারা।
দুই হাজার টাকা জমা দিয়ে একটি ইজি অ্যাকাউন্ট বা হিসাব খুলে প্ল্যানেট কার্ড সংগ্রহ করা যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/২১০২ঘ.
bdnews24