২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিএনজি ধর্মঘট: পেট্রোবাংলা ও মালিক পক্ষের বৈঠক নিস্ফল

ধর্মঘট প্রত্যাহার নিয়ে পেট্রোবাংলার সঙ্গে সিএনজি স্টেশন মালিকদের বৈঠক সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। ১ নভেম্বর থেকে ধর্মঘটের সিদ্ধান্তেই আছেন স্টেশন মালিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2010, 02:17 PM

Updated : 25 Aug 2022, 07:27 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্মঘট প্রত্যাহার নিয়ে পেট্রোবাংলার সঙ্গে সিএনজি স্টেশন মালিকদের বৈঠক সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। ১ নভেম্বর থেকে ধর্মঘটের সিদ্ধান্তেই আছেন স্টেশন মালিকরা। রোববার বৈঠক শেষে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ঔনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন নয়ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকার দাবি মেনে না নেওয়ায় ১ নভেম্বর থেকে পূর্বঘোষিত ধর্মঘট পালন করা হবে।" পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর বলেন, "মালিকদের ধর্মঘট না করতে অনুরোধ করেছি। তবে তারা এ অনুরোধে সাড়া দেয়নি।" মালিকরা ধর্মঘটে গেলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, "এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে।" সিএনজি স্টেশন প্রতিদিন ছয় ঘণ্টা বন্ধের সরকারি সিদ্ধান্ত ৩১ অক্টোবরের মধ্যে প্রত্যাহার করা না হলে ১ নভেম্বর থেকে গ্যাস বিক্রি বন্ধে করে দেওয়ার কথা গত ২ অক্টোবর সাংবাদিকদের জানান স্টেশন মালিকরা। জাকির হোসেন জানান, পেট্রোবাংলার পক্ষ থেকে আলোচনার জন্য বৃহস্পতিবার চিঠি দেওয়া হয়। রোববার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। বৈঠকটি হয় রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) কার্যালয়ে। জাকির বলেন, "পেট্রোবাংলার চেয়ারম্যানকে আমরা বলেছি, ছয় ঘণ্টা স্টেশন বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না হলে ১ নভেম্বর থেকে ধর্মঘট পালন করবো।" বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বাড়াতে গ্যাস সরবরাহের জন্য সরকার গত ১৬ অগাস্ট থেকে প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ছয় ঘণ্টা করে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। দেশে মোট পাঁচশ ৮২টি সিএনজি স্টেশন রয়েছে। বৈঠকে সরকারের পক্ষে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আজিজ খান, পেট্রোবাংলার পরিচালক (অপারেশন) মুবিনুল হোসেন এবং মালিকদের পক্ষে অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম কামাল, জ্যেষ্ঠ সহ-সভাপতি মাসুদ খান, সহ-সভাপতি সৈয়দ সাহাদত আহমেদ, মো. নিজামউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন খান প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/১৯৩১ঘ.