২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ও আশপাশের এলাকায় ওএমএস'র ট্রাক বাড়ছে

ঢাকাসহ আশপাশের শ্রমঘন জেলাগুলোতে খোলা বাজারে চাল বিক্রির (ওএমএস) ট্রাকের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2010, 03:08 PM

Updated : 25 Aug 2022, 07:08 PM

ঢাকা, ১৮ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকাসহ আশপাশের শ্রমঘন জেলাগুলোতে খোলা বাজারে চাল বিক্রির (ওএমএস) ট্রাকের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক। সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের কার্যালয়ে তিনি বলেন, "আগামীকাল (মঙ্গলবার) থেকেই এ ট্রাকের সংখ্যা বাড়ানো হবে। ঢাকা শহরে ৫০টি এবং আশপাশের শ্রমঘন এলাকাগুলোতে আরো ১০টি করে ট্রাক বাড়ানো হবে।" মাঠ পর্যায়ে ওএমএস এর চালের চাহিদা বেড়ে যাওয়ায় চাল বিক্রি বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। ইদুল ফিতরের পর চালের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ায় তা কমিয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে উপজেলা পর্যায়ে খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস) শুরু করা হয়। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ঢাকা শহরের ১০০টি স্থানে একটি করে ট্রাক, দেশের সব বিভাগীয় ও জেলা শহরে ১০টি করে ট্রাক এবং শ্রমঘন এলাকাগুলোতে ১০টি করে ট্রাকে ওএমএস কার্যক্রম চলছে। ঈদের পর গত ২৩ সেপ্টেম্বর থেকে ঢাকা ও তার আশাপাশের এলাকায় ওএমএস'র চাল বিক্রি পুনরায় শুরু করা হয়। এর আগে গত অগাস্টে রমজান মাসে প্রথম ওএমএস কার্যক্রম শুরু হয়। বিভাগ ও জেলার বাইরে উপজেলা পর্যায়ে ওএমএস'র কার্যক্রম শুরু হয় গত ৬ অক্টোবর। প্রতি উপজেলায় বর্তমানে পাঁচজন করে ডিলারের মাধ্যমে খোলা বাজারে চাল বিক্রি হচ্ছে। খাদ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে প্রত্যেক উপজেলায় তিনজন করে ডিলার নিয়োগ দিয়ে ওএমএস কার্যক্রম শুরু করা হয়। পরবর্তীতে এ সংখ্যা বাড়িয়ে উপজেলা পর্যায়ে ডিলারের সংখ্যা পাঁচজন করা হয়। এ কার্যক্রমের আওতায় ডিলারপ্রতি এক টন করে চাল বিক্রি করা হচ্ছে। এতে প্রতিকেজি চাল ২৪ টাকা দরে একজন ব্যক্তি সর্বোচ্চ পাঁচ কেজি পর্যন্ত চাল কিনতে পারবেন। সপ্তাহে পাঁচদিন এ চাল বিক্রি হচ্ছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা চালের মান, ওজন, ক্রেতার অভিমত এবং ওএমএস'র নির্দিষ্ট স্থানে চাল বিক্রির বিষয়টি তদারকি করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেবি/এইচএ/২১০০ ঘ.