ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ফার্নেস অয়েল ভিত্তিক প্রতিটি ৫০ মেগাওয়াট ক্ষমতার দু'টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য একটি চীনা কোম্পানির সঙ্গে চুক্তি সই করেছে।
বিদ্যুৎ কেন্দ্র দুটি স্থাপন করা হবে রাজশাহীর কাটাখালী এবং নওগাঁর সান্তাহারে। আগামী ২০১২ সালের জানুয়ারিতে বিদ্যুৎ কেন্দ্র দু'টি পুরোপুরি উৎপাদনে যেতে পারবে বলে আশা করা হচ্ছে।
চীনের ডংফেং ইলেকট্রিক ইন্টারন্যাশনাল করপেরেশন এ কেন্দ্র দু'টি স্থাপন করবে।
প্রকল্প দু'টি বাস্তবায়নে সোমবার বিদ্যুৎ ভবনে ডংফেং ইলেকট্রিকের সঙ্গে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) একটি চুক্তি সই হয়েছে।
পিডিবি'র সচিব আজিজুল ইসলাম এবং ডংফেং ইলেকট্রিক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট লু জি গ্যাং নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় জানানো হয়, রাজশাহীর বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপনে ৩১১ কোটি ৮৬ লাখ টাকা এবং নওগাঁর কেন্দ্রটির জন্য ৩১৯ কোটি ৯৪ লাখ টাকা ব্যয় হবে। কেন্দ্র দু'টিতে জ্বালানি হিসেবে ফার্নেস অয়েল ব্যবহার হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক ও বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২০৫৫ ঘ.
bdnews24