২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দু'বছর পর চালু হচ্ছে দারোয়ানী বস্ত্রকল

টানা দু'বছর বন্ধ থাকার পর নীলফামারীর দারোয়ানী বস্ত্রকলটি আবার চালু করতে যাচ্ছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2010, 05:10 PM

Updated : 25 Aug 2022, 07:06 PM

নীলফামারী, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টানা দু'বছর বন্ধ থাকার পর নীলফামারীর দারোয়ানী বস্ত্রকলটি আবার চালু করতে যাচ্ছে সরকার। কারখানাটি চালু হলে কাজ ফিরে পাবে সাড়ে ছয়'শ শ্রমিক। সে কারণে আমিনুর রহমান, গোলাম রব্বানী, আজিজার রহমান, মালেকা বানু, রোজিনারের মতো বস্ত্রকলটির সব শ্রমিকই খুশি। কারখানাটি চালুর জন্য ইতিমধ্যে শুরু করা হয়েছে সংস্কার কাজ। সংস্কার শেষ হলে আগামী এক সপ্তাহের মধ্যে আবারও ঘুরবে কলের চাকা। কারখানা কর্তৃপক্ষ জানায়, সরকার তৃতীয় দফায় সার্ভিস চার্জের ভিত্তিতে নতুন করে কারখানাটি চালুর সিদ্ধান্ত নিয়েছে। চলতি বছরের ২৩ জুন বাংলাদেশ বস্ত্রকল সংস্থা (বিটিএমসি) সার্ভিস চার্জের মাধ্যমে কারখানাটি চালুর জন্য দরপত্র আহ্বান করা হয়। নারায়ানগঞ্জের মেসার্স ট্রেড কনসার্ন মিলটি পরিচালনার কার্যাদেশ পায়। কারখানা কর্তৃপক্ষ জানায়, আগামী এক সপ্তাহের মধ্যে কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু করা হবে। ২৫ হাজার ৫৬টি মাকুর মধ্যে কমপক্ষে ২২ হাজার মাকু চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে ১৯৭৭ সালে ১০৯ একর জমির ওপর গড়ে তোলা হয় দারোয়ানী ট্রেক্সটাইল মিল। ২০ বছর পর ৯৭ সালে মিলের উৎপাদন বন্ধ হয়ে যায়। শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে বিটিএমসি মিলটি আবার চালুর উদ্যোগ নেয়। ৯৮ সালের ২৩ আগস্ট প্রথম সার্ভিস চার্জের মাধ্যমে কারখানাটি পরিচালনার কার্যাদেশ পায় নারায়ণগঞ্জের মেসার্স বলাই চন্দ্র সাহা। ২০০৮ সালের সেপ্টেম্বরে মিলটি আবারো বন্ধ হয়ে যায়। কারখানার মহাব্যবস্থাপক সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, আশা করি এক সপ্তাহের মধ্যে মিলের চাকা ঘুরতে শুরু করবে। মিলে আবারো ফিরে আসবে প্রাণ চাঞ্চল্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩০৯ ঘ.