ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক সপ্তাহ সময় বাড়ানোর পর ব্যক্তিশ্রেণীর করদাতাদের আয়কর বিবরণী দাখিলের (রিটার্ন) সময় শেষ হয়েছে বৃহস্পতিবার রাত ৮টায়।
এদিন বিকাল ৫টা পর্যন্ত রিটার্ন জমা নেওয়ার সময়সীমা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা মাথায় রেখে রাত ৮টা পর্যন্ত রিটার্ন জমা নেওয়ার কথা জানান এনবিআরের সদস্য (কর প্রশাসন ও পরিচালনা) বশিরউদ্দিন আহমেদ।
এরপর আর সময় বাড়ানোর সম্ভাবনা নেই জানিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আর সময় বাড়ানো হবে না। লক্ষ্যমাত্রার কাছাকাছি রিটার্ন জমা পড়বে বলে আমরা আশা করছি।"
বশিরউদ্দিন বলেন, "বর্ধিত সময়ে কী পরিমাণ রিটার্ন জমা পড়েছে তা সোমবার জানানো হবে।"
চলতি অর্থবছরে ব্যক্তিশ্রেণীর আয়করদাতার সংখ্যা ১০ লাখের কাছাকাছি হবে বলে এনবিআর কর্মকর্তারা আশা করছেন।
এনবিআরের হিসাবে চলতি বছর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৫ লাখ ৫৯ হাজার ৭৯৬ টি রিটার্ন জমা পড়েছে। রিটার্ন জমা দেওয়ার জন্য সময় বাড়ানোর আবেদন এসেছে ১ লাখ লাখ ৯০ হাজার ৬৯১টি।
গত বছর একই সময়ে রিটার্ন জমা পড়েছিল ১ লাখ ৩১ হাজার ৫৩২টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/আরএ/পিডি/২০০০ ঘ.
bdnews24