ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একদিনে দেড় হাজার কোটি টাকার শেয়ার লেনদেনের রেকর্ড গড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সূচকও আগের সর্বোচ্চ রেকর্ডের মাত্রা অতিক্রম করেছে।
সোমবার পুঁজিবাজারে মাত্র একদিন আগে গড়া এক হাজার ৪৫২ কোটি টাকার শেয়ার লেনদেনের রেকর্ড ভেঙে মোট ১৫০৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।
অন্যদিকে, সাধারণ সূচক তিন দশমিক ০২ শতাংশ বা ১৫৫ পয়েন্ট বেড়ে ৫৩১২ দশমিক ৪৪ পয়েন্ট হয়।
সপ্তাহের প্রথম দিন রোববার ৫১৫৬ দশমিক ৬১ পয়েন্ট-এর ঘরে পৌঁছে নতুন রেকর্ড করেছিল ডিজিইএন সূচক।
বাজার বিশেষজ্ঞরা পুঁজিবাজারে লেনদেনের এই ঊর্ধ্বগতি স্থায়ী হওয়ার বিষয়ে সন্দেহ প্রকাশ করলেও বাজারে বড় মাত্রার পতনের আশঙ্কা করছেন না।
প্রাইম ফাইন্যান্স অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রধান নির্বাহী মইন আল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মূল্য সমন্বয় আসন্ন হলেও এতে বাজারে কতোটা প্রভাব পড়বে তা বলা কঠিন।"
তবে বাজারে মূল্য আয় (পিই) বাড়ার সঙ্গে সঙ্গে বিনিয়োগও অনিরাপদ হয়ে পড়ার সঙ্কেত দিচ্ছে বলে মনে করেন তিনি।
গত বছরের শেষে বাজারে মূল্য আয় ১৮ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২৫ টাকা ৬৫ পয়সা হয়।
মইন আল কাশেম মনে করেন, অতিমূল্যায়িত বাজারে শেয়ার সরবরাহের হার সমস্যা সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে বাজারে নতুন শেয়ার আনা গেলে এ সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব।
এছাড়া টেলিকম, জাহাজ নির্মাণ শিল্প ও জ্বালানি খাতের শেয়ার বাজারে আনার ব্যাপারেও গুরুত্বারোপ করেন এই কর্মকর্তা।
মিউচ্যুয়াল ফান্ড, বীমা, জ্বালানি খাত ও গ্রামীণফোনের শেয়ার ছিল এদিন লেনদেনের শীর্ষে।
বাজারে মিউচ্যুয়াল ফান্ড ও জিপি'র শেয়ারই সর্বোচ্চ লেনদেনের রেকর্ড হওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে বলে ব্রোকারেজ হাউজগুলো বলছে।
এছাড়া বাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আপিল না করার সিদ্ধান্তও প্রভাবক হিসেবে কাজ করেছে।
গ্রামীণফোনের শেয়ার রোববারের ২৫২ টাকা থেকে এক লাফে বেড়ে ২৭৫ থেকে ২৮৮ টাকার মধ্যে হাত বদল হয়েছে। বাজারে জিপি'র মোট ১২৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
লেনদেনের শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানের মধ্যে ছিল বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো, শাইনপুকুর সিরামিক্স ও নাভানা সিএনজি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এসকে/২১০০ঘ.
bdnews24