ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাসের বাড়তি চাহিদা মেটাতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির বিষয় সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক।
উত্তোলনযোগ্য কূপ থেকে সর্বোচ্চ পরিমাণে গ্যাস উৎপাদন করার পরও চাহিদা বাড়ায় গ্যাসের ঘাটতি থাকছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার সংসদে কুমিল্লা-৯ আসনের সাংসদ মো. তাজুল ইসলামের এক লিখিত প্রশ্নের জবাবে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, "দেশীয় মালিকানাধীন গ্যাসক্ষেত্রগুলোর রিজার্ভ এবং কূপগুলোর নিরাপত্তা বজায় রেখে বিভিন্ন কারিগরী বিষয় বিবেচনায় নিয়ে সাধ্যানুযায়ী সর্বোচ্চ হারে গ্যাস উৎপাদন বৃদ্ধির প্রচেষ্টা নেওয়া হয়েছে।"
প্রাকৃতিক গ্যাস পরিবেশবান্ধব ও মূল্য সাশ্রয়ী হওয়ায় এর ব্যবহার দিনকে দিন বাড়ছে জানিয়ে তিনি বলেন, "দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ বিবেচনায় কূপের সর্বোচ্চ ক্ষমতায় গ্যাস উৎপাদনের পরও চাহিদা বাড়ায় এর ঘাটতি থেকেই যাচ্ছে। বর্ধিত গ্যাস চাহিদা মেটাতে এলএনজি ফর্মে গ্যাস আমদানি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।"
আরেক প্রশ্নের জবাবে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, দেশে বিদ্যমান গ্যাস নেটওয়ার্কের আওতায় বর্তমানে গ্যাসের চাহিদা দৈনিক ২২৮০ মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে দৈনিক ১৯৫০-১৯৭০ মিলিয়ন ঘনফুট করে চারটি বিপণন কোম্পানির গ্যাস সরবরাহ করা হচ্ছে।
তিনি আরো জানান, দেশের গ্যাস ক্ষেত্রগুলোর ২০ বর্গমাইল এলাকার মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহের পরিকল্পনা আপাতত সরকারের নেই।
নতুন গ্যাস সংযোগ দেওয়া হবে না
ঢাকা-৩ আসনের সাংসদ নসরুল হামিদের এক প্রশ্নের জবাবে এনামুল হক জানান, গ্যাসের দৈনিক উৎপাদন ২২০০ মিলিয়ন ঘটফুট না হওয়া পর্যন্ত নতুন এলাকায় গ্যাস দেওয়া বন্ধ রাখার বিষয়ে সরকারিভাবে সিদ্ধান্ত হয়েছে। ভবিষ্যতে প্রয়োজনীয় পরিমাণ গ্যাস প্রাপ্যতা সাপেক্ষে আর্থিক ও কারিগরীভাবে ইতিবাচক বিবেচিত হলে পর্যায়ক্রমে পাইপলাইন স্থাপনের উদ্যোগ নেওয়া যেতে পারে।
এক সম্পূরক প্রশ্নের জবাবে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, "সঙ্কটের কারণে নতুন করে আর গ্যাস সংযোগ দেওয়া হবে না। আগামী এক বছরের মধ্যে গ্যাস উৎপাদন বাড়ানোর পর নতুন সংযোগ দেওয়া হবে।"
সাবের হোসেন চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে ২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস ঘাটতি রয়েছে। আগামী বছর আরো ৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সংযোগ হওয়ার কথা রয়েছে। ঘাটতি কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা আছে সরকারের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কেআরসি/এফএফ/এসকে/১৯৫৪ঘ.
bdnews24