ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বসুন্ধরা গ্রুপ তার ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলোর জন্য কেরানীগঞ্জের পানগাঁওতে একটি শিল্প পার্ক স্থাপন করবে। বিশাল এ প্রকল্পে এক লাখ কোটি টাকা ব্যয় হবে বলে গ্র"পটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শিল্প পার্কটিতে দেশের বৃহত্তম ভোজ্য তেলের কারখানা, নিরাপদ পানীয় জল, ময়দার মিল, থলে তৈরির কারখানা ও ভোজ্য তেল ট্যাংক টার্মিনাল ও মশলা ভাঙানো এবং প্যাকেজিং কারখানা গড়ে তোলা হবে।
এতে আরো বলা হয় প্রকল্পটি সরাসরি আড়াই হাজার দক্ষ ও আধা দক্ষ এবং পরোক্ষভাবে পর্যায়ক্রমে পনেরো হাজার লোকের কর্মসংস্থান করবে।
আন্তর্জাতিকমানের খাদ্য ও পানীয় সামগ্রী উৎপাদনের মাধ্যমে দেশের ভোগ্যপণ্যের বাজারে প্রবেশ করাই এ বিশাল প্রকল্পের লক্ষ্য। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এ বছরের শেষ দিকে উৎপাদন শুরু করবে বলে আশা করা হচ্ছে।
বৃহস্পতিবার এই শিল্পাঞ্চল প্রতিষ্ঠার স্মারক হিসাবে মালয়েশিয়ার "অয়েল টেক", চীনের "সানরাইজ ইন্ডাস্ট্র্রিয়াল কোম্পানী " ও তাইওয়ানের "মিল পাউডার টেক কোম্পানী" এর সঙ্গে বসুন্ধরা শিল্পগোষ্ঠী তিনটি চুক্তি স্বাক্ষর করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এসকে/১৮৪৬ঘ.
bdnews24