বাগেরহাট, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয়বারের মতো বুধবার গাড়িবাহী একটি জাহাজ ভিড়েছে মংলা বন্দরে।
সাত শ' ১৪টি গাড়ি নিয়ে পানামার পতাকাবাহী 'এমভি ওশান ব্লু' দুপুর ১টার দিকে বন্দরে ভেড়ে বলে জাহাজটির স্থানীয় প্রতিনিধি এভারেট বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপক এম অহেদুজ্জামান জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জাহাজটি মংলা বন্দরের ৯ নম্বর জেটিতে ভিড়ার পর দুপুরেই গাড়ি খালাসের কাজ শুরু হয়েছে।"
বৃহস্পতিবার দুপুর নাগাদ খালাসের কাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আমদানিকারক প্রতিষ্ঠান 'মেসার্স হকস বে অটোমোবাইলস লি.' জাপান থেকে গাড়িগুলো আমদানি করেছে।
এর আগে ২০০৯ সালের ৩ জুন একই আমদানিকারকের ২৫৫টি গাড়ি নিয়ে একটি জাহাজ প্রথম মংলা বন্দরে আসে।
এদিকে মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার এনামূল হক বলেন, গাড়িবাহী জাহাজ নিয়মিত ভিড়লে এ খাত থেকে বছরে বন্দরের দুই থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত আয় হতে পারে।
আমদানি করা প্রতি এক হাজার গাড়ি থেকে বন্দর কর্তৃপক্ষ মাসে ২৫ থেকে ৩০ লাখ টাকা রাজস্ব আয় করতে পারে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/ডিডি/১৯০৯ ঘ.
bdnews24