ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিল্পখাতে বিশেষ করে পোশাক কারখানায় অস্থিতিশীলতা মোকাবেলায় শিগগির দেশের চার এলাকায় 'শিল্প পুলিশ' কাজ শুরু করবে।
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বুধবার জানিয়েছেন, এ কার্যক্রম চূড়ান্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে ২৮ ফেব্র"য়ারির মধ্যে শিল্পাঞ্চল পুলিশ নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
প্রাথমিকভাবে আশুলিয়া, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম শিল্পাঞ্চলে পুলিশের বর্তমান জনবল দিয়েই 'ইন্ডাস্ট্রিয়াল পুলিশ (শিল্প পুলিশ)'র কাজ শুরুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
পরে শিল্প পুলিশও আলাদাভাবে নিয়োগ দেওয়া হবে বলে জানান সাহারা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভার পর তিনি সাংবাদিকদের বলেন, "বহুদিনের চাহিদা ছিলো শিল্প পুলিশের। প্রধানমন্ত্রীও কথা দিয়েছেন। শিল্পাঞ্চলে বিশেষ করে গার্মেন্টস শিল্পগুলোতে যাতে অস্থির না হতে পারে সেজন্য শিল্প পুলিশ গড়ে তোলা হবে।"
গঠিত কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পুলিশ)। অন্য সদস্যরা হলেন- অর্থ, সংস্থাপন ও আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পর্যায়ের তিনজন কর্মকর্তা, পুলিশের ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তা, দমকল বাহিনীর একজন প্রতিনিধি।
শিল্প পুলিশের জনবলের বিষয়ে প্রস্তাবিত অর্গানোগ্রামের আলোকে সংস্থাপন ও অর্থ মন্ত্রণালয়ের সুপারিশ পর্যালোচনা করে উপকমিটি একটি নীতি মালা তৈরি করবে। দমকল বাহিনী ও আনসার সদস্যদের এতে অন্তর্ভুক্তির প্রক্রিয়াও চূড়ান্ত করবে এ কমিটি।
"সব কিছু মিলিয়ে আলোচনা করে কীভাবে, কোন প্রেক্ষিতে শিল্প পুলিশ কাজ করবে- তা সাব কমিটি সিদ্ধান্ত নেবে", বলেন সাহারা খাতুন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সাংবাদিকদের জানান, আগামী চার বছরে পুলিশে ৩৫ হাজার লোকবল নিয়োগ করা হবে। এর মধ্যে এ বছরই ১৭ হাজার নিয়োগ হবে।
প্রতিমন্ত্রী বলেন, "শিল্প পুলিশ আইন পাস হওয়ার পর ৩ হাজার পুলিশ এবং চার বছরের মধ্যে ৩২ হাজার পুলিশ নিয়োগ করবো আমরা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এমআই/১৭৩০ ঘ.
bdnews24