ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেলিকম, ওষুধ, নৌ ও জ্বালানিসহ রাষ্ট্রীয় মালিকানাধীন ২৬টি প্রতিষ্ঠানকে আগামী ৬ মাসের মধ্যে পুঁজিবাজারে শেয়ার ছাড়ার পর্যায়ে উন্নীত করার নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এ সময়ের মধ্যে 'কিছু' সরকারি প্রতিষ্ঠানের শেয়ার পুঁজিবাজারে অন্তর্ভুক্ত হবে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার অর্থ মন্ত্রণালয়ে প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, "সর্বোচ্চ ৬ মাসের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ২৬টি প্রতিষ্ঠানকে সিকিউরিটাইজড করতে বলেছি। মানে এ সময়ের মধ্যে এসব প্রতিষ্ঠানকে বাজারে শেয়ার ছাড়ার পর্যায়ে যেতে হবে।"
বিদ্যুৎ ও জ্বালানি, শিল্প, যোগাযোগ ও স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সেতু বিভাগের অধীনে এ ২৬ প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশ টেলি কমিউনিকেশনস লিমিটেড (বিটিসিএল), বাংলাদেশ শিপিং করপোরেশন, বঙ্গবন্ধু সেতু, বাখরাবাদ গ্যাস, সিলেট গ্যাস, গ্যাস ট্রান্সমিশন, শেরাটন হোটেল, এসেনসিয়াল ড্রাগস প্রভৃতি রয়েছে।
বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ এ রাষ্ট্রের শেয়ারও আগামী ৬ মাসের মধ্যে পুঁজিবাজারে ছাড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, "আমাদের পুঁজিবাজার গত এক বছরে ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে। ক্যাপিটালাইজেশন হয়েছে জাতীয় আয়ের ৩০ শতাংশ। এতো পয়সার সদ্ব্যবহার দরকার। এজন্য নিউ লিস্টিং প্রয়োজন।"
শর্ত অনুযায়ী অনুযায়ী ইউনিলিভারের শেয়ার ছাড়তে হলে সরকারকে প্রথম ইউনিলিভারের কাছেই তা বিক্রির প্রস্তাব দিতে হবে। সেক্ষেত্রে তারা রাজি না হলে পুঁজিবাজারে ছাড়া যাবে।
তবে সরকার এ বহুজাতিক কোম্পানিটির শেয়ার পুঁজিবাজারেই দিতে চায় বলে জানান আবুল মুহিত।
তিনি বলেন, "এজন্য সিদ্ধান্ত নিতে তাদের সময় দেওয়া হয়েছে।"
ইউনিলিভার বাংলাদেশে সরকারের ৩৯ দশমিক ২৫ শতাংশ শেয়ার রয়েছে।
সরকারি প্রতিষ্ঠানের শেয়ার পুঁজিবাজারে শেয়ার না ছাড়াকে 'নির্বুদ্ধিতা' অভিহিত করে অর্থমন্ত্রী বলেন, "তারা মূলধনের জন্য সরকারের কাছে ৪০ কোটি টাকা চায়। অথচ শেয়ার ছেড়ে ২০০ কোটি টাকা তুলতে পারে।"
২০০৫ সালে ৬২ টি প্রতিষ্ঠানকে পুঁঁজিবাজারে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। পরবর্তীতে তা ৩৮-এ নামিয়ে আনা হয়। এরমধ্যে ৬টি প্রতিষ্ঠান পুঁজিবাজারে অন্তর্ভুক্ত হয়।
বর্তমানে সরকারি ১৭টি প্রতিষ্ঠানের শেয়ার পূঁজিবাজারে রয়েছে।
আবুল মাল আবদুল মুহিত বলেন, এ ৩২টির মধ্যে হোটেল সোনারগাঁওসহ ৬টি মামলাসহ নানা জটিলতা রয়েছে।
তবে পুঁজিবাজারে অনেক প্রতিষ্ঠানের শেয়ার অতিমূল্যায়িত হচ্ছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/এমআই/১৯৩৫ ঘ.
bdnews24