রাজশাহী, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তরাঞ্চলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নের জন্য এ অঞ্চলে বেশি বেশি প্রণোদনা দেওয়ার দাবি জানানো হয়েছে সরকারের কাছে।
এ ছাড়া শিল্পোদ্যোক্তাদের বিশেষ ঋণ সুবিধা দেওয়ার দাবি জানানো হয়।
মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগরীর একটি রেস্টুরেন্টে আয়কর আইন বিষয়ক এক আলোচনা সভায় বক্তারা এ দাবি করেন।
সভায় 'আয়কর আইনের জটিলতা: একটি সহজতর আয়কর আইনের প্রত্যাশা' শীর্ষক প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক আইবিএফবি'র পরামর্শক স্বপন কুমার বালা।
ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি চট্টগ্রামের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহীর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে শিল্প কারখানা স্থাপনের যথেষ্ট অবকাঠামোগত সুবিধা আছে।
উত্তরাঞ্চালরের সস্তা শ্রমকে ব্যবহার করে এখানে কৃষিভিত্তিক শিল্প কারখানাসহ অন্যান্য কলকারখানা স্থাপনের দাবি করেন তিনি।
এ জন্য উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়ারও আহ্বান জানান লিটন।
বিশেষ অতিথি সাবেক মেয়র মিজানুর রহমান মিনু রাজশাহীর অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে অবহেলিত এ অঞ্চলের উন্নয়নের দাবি জানান।
সভাপতির বক্তব্যে মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, রাজশাহীতে বিভিন্ন ধরনের কৃষিপণ্য ও কাঁচামালের সহজ প্রাপ্যতার কারণে এখানে ব্যাপক শিল্পায়নের সম্ভাবনা বিদ্যমান।
তিনি এ অঞ্চলের জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমতাভিত্তিক উন্নয়নে বেশি বেশি প্রণোদনা দেওয়া বা ১০ বছরের জন্য উৎপাদিত পণ্যের ওপর কর মওকুফ দাবি করেন।
তিনি বলেন, আয়কর দেওয়ার ক্ষেত্রে নানা জটিলতার ও অসচেতনতার কারণে দেশে আয়কর আদায় আশানুরূপ নয়। আমলাতান্ত্রিক জটিলতা, দুর্নীতি, অস্বচ্ছতা ও জবাবদিহিতার সংকট অনেক ক্ষেত্রেই আয়করের অমিত সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে।
সভায় রাজশাহীর বিভাগীয় কমিশনার হাফিজুর রহমান ভূঞা, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু বাক্কার আলী বক্তব্য প্রমুখ রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩০ ঘ.
bdnews24