২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি খাতে যাচ্ছে না রূপালী ব্যাংক

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে বলেছেন, রূপালী ব্যাংকসহ চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকই সরকারের থাকছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2010, 02:41 PM

Updated : 24 Aug 2022, 06:08 PM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে বলেছেন, রূপালী ব্যাংকসহ চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকই সরকারের থাকছে। মঙ্গলবার সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান। অর্থমন্ত্রীর এ ঘোষণার ফলে দৃশ্যত রূপালী ব্যাংককে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান হবে। আবুল মুহিত বলেন, "এটা ঠিক রূপালী ব্যাংকের অবস্থা খারাপ। এটি সরকারের থাকবে কি থাকবে না তা নিয়ে কয়েকটা বছর নষ্ট হয়েছে। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকই সরকারের থাকবে।" সাবেক জোট সরকারের সময় ২০০৬ সালে রূপালী ব্যাংককে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার প্রথম উদ্যোগ নেওয়া হয়। সৌদি যুবরাজ বন্দর বিন মোহাম্মদ আবদুর রহমান আল সৌদের কাছে ব্যাংকটি বিক্রি হয়ে যাচ্ছে সেসময় এমন অনেক সংবাদ প্রচারও হয়। সৌদি যুবরাজের ব্যাংকটি কিনে নেওয়ার সংবাদে শেয়ারবাজারে রূপালী ব্যাংকের শেয়ার উচ্চমূল্যে কিনে অনেক বিনিয়োগকারী ক্ষতিগ্রস্তও হয়েছেন। এছাড়া লন্ডনভিত্তিক একটি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ ও ক্রেতা ধরতে বিদেশে 'রোড শো' করে ৩৫ কোটি টাকা ব্যয় করা হয়। এর পর ২০০৮ সালের ডিসেম্বরে রূপালী ব্যাংককে আপাতত বেসরকারি করার জন্য তালিকাভুক্ত না করার সিদ্ধান্ত নেয় সাবেক তত্ত্বাবধায়ক সরকার। সে সময় সিদ্ধান্ত হয় ব্যাংকটিকে ভালো অবস্থানে নেওয়ার পরই তা করা হবে। তবে বর্তমান সরকার আসার পর গতবছরের এপ্রিলে বাংলাদেশ ব্যাংক রূপালী ব্যাংক পুনর্গঠনের একটি বিস্তারিত প্রস্তাব জমা দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এসকে/২০৩৭ঘ.