ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত মঙ্গলবার সংসদে জানিয়েছেন সরকারের রূপকল্প অনুযায়ী প্রবৃদ্ধি বাড়াতে বিনিয়োগ বাড়িয়ে জিডিপি'র ৩০ দশমিক ৩২ শতাংশে উন্নীত করা হবে।
২০১৩ সাল নাগাদ জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের।
লক্ষ্মীপুর-১ আসনের সাংসদ নাজিম উদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকারের রূপকল্প অনুযায়ী জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে বিনিয়োগ বাড়ানো হবে।
২০০৮-০৯ অর্থবছরের প্রাথমিক হিসাব অনুযায়ী বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার
৫ দশমিক ৯।
অর্থমন্ত্রী আরো জানান, বাংলাদেশে মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ প্রায় ১৫০ মার্কিন ডলার।
যশোর-১ আসনের সাংসদ শেখ আফিল উদ্দিনের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ তথ্য জানান।
তিনি বলেন, "২০০৭-০৮ অর্থবছরে দেশের জনসংখ্যা ছিল ১৪২ দশমিক ৪০ মিলিয়ন (বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী) এবং জনপ্রতি বৈদেশিক ঋণের পরিমাণ ছিল ১৪৯ দশমিক ৫৪ মার্কিন ডলার।"
বৈশ্বিক মন্দা সত্ত্বেও ৫ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে উল্লেখ করে মুহিত বলেন, কৃষিখাতে টেকসই উন্নয়ন, সরকারি ও বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর পদক্ষেপ গ্রহণ এবং বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়ানোর প্রেক্ষাপটে ২০০৯-১০ অর্থবছরের প্রবৃদ্ধি প্রক্ষেপণ করা হয়েছে ৬ শতাংশ। জাতীয় সঞ্চয় ২০০৮-০৯ অর্থবছরে জিডিপি'র ৩২ দশমিক ৪ শতাংশে উন্নীত হয়েছে। সঞ্চয়কে বিনিয়োগে রূপান্তরের মাধ্যমে প্রবৃদ্ধির হার ত্বরান্বিত হবে বলে আশা করা যাচ্ছে।
তিনি বলেন, "প্রবৃদ্ধির হার বাড়াতে বিদ্যুৎ, গ্যাস সরবরাহ এবং অবকাঠামো উন্নয়ন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির পূর্ণ বাস্তবায়ন নিশ্চিতকরণ এবং বেসরকারি বিনিয়োগকে আরো বেগবান করতে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ (পিপিপি) পরিকল্পনাকে দ্রুত কার্যকর করে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর জোর দেওয়া হচ্ছে।"
কিশোরগঞ্জ-৩ আসনের সাংসদ মো. মজিবুল হকের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবছরে (জুলাই '০৯-ডিসেম্বর '০৯) বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা ও দাতা দেশের কাছ থেকে অনুদান বাবদ ৩৭২ দশমিক ১৩ মিলিয়ন মার্কিন ডলার এবং ঋণ বাবদ ১১৬৬ দশমিক ৭০ মিলিয়ন মার্কিন ডলারের অঙ্গীকার পাওয়া গেছে।
০৯-১০ অর্থবছরে (জুলাই০৯-নভেম্বর০৯) বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা ও দাতা দেশ থেকে ঋণ বাবদ ১০৪৬ দশমিক ২১ মিলিয়ন মার্কিন ডলার এবং অনুদান বাবদ ১৩৩ দশমিক ৩৭ মিলিয়ন মার্কিন ডলার ডিসবার্সমেন্ট পাওয়া গেছে।
লক্ষীপুর-৪ এর সাংসদ এ বি এম আশরাফ উদ্দিনের প্রশ্নের জবাবে আবুল মাল আব্দুল মুহিত জানান, বর্তমান সরকারের আমলে উন্নয়ন সহযোগী সংস্থা/দেশ থেকে ২৫০৭ মিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক সাহায্যের অঙ্গীকার পাওয়া গেছে। এর মধ্যে ১৮৯৮ দশমিক ৯০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ এবং ৬০৮ দশমিক ১৭ মিলিয়ন ডলারের অনুদান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসকে/২১০৩ঘ.
bdnews24