২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাল-ডাল-তেল-দুধের দাম বাড়ছে

চালের সঙ্গে সঙ্গে বেড়েছে তেল, চিনি, আটা, ময়দা, ডাল ও গুঁড়ো দুধের মতো নিত্য প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্যের দামও। সরকারি হিসাবের সঙ্গে বাজারের দর মিলিয়ে জানাচ্ছেন রিয়াজুল বাশার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2010, 12:01 PM

Updated : 24 Aug 2022, 06:08 PM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-এক মাসের ব্যবধানে চালের দাম বেড়েছে। চালের সঙ্গে সঙ্গে বেড়েছে তেল, চিনি, আটা, ময়দা, ডাল ও গুঁড়ো দুধের মতো নিত্য প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্যের দামও। সরকারি হিসাবে, গত একমাসে ৪২ টি নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে ৩৩টির দাম বেড়েছে, পাঁচটি কমেছে এবং চারটি অপরিবর্তিত রয়েছে। রাজধানীর মিরপুরের একটি কাঁচা বাজারের ক্রেতা চাকরীজীবী মনিরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভালমানের নাজিরশাইল চাল তিনি ৪৫ টাকা কেজি দরে কিনেছেন। এক মাস আগে কিনেছেন ৪০ টাকা কেজি দরে। সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)'র পণ্যমূল্য বৃদ্ধির হিসাবের সঙ্গে রাজধানীর বাজারগুলোতে দামবৃদ্ধির চিত্রের মিল নেই। বাজার ঘুরে দেখা গেছে টিসিবির তথ্যের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে আটা, ময়দা ও ভোজ্যতেল। দ্রব্যমূল্য বৃদ্ধিতে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার আশঙ্কা করে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)'র গবেষণা পরিচালক জায়েদ বখ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত অক্টোবর থেকেই মূল্যস্ফীতির উর্দ্ধগতির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্য বাড়ায় এটা আরো বাড়তে পারে।" গত বছরের অক্টোবরে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ১১ শতাংশ এবং খাদ্য মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ১৪ শতাংশ। আগের বছর একই সময়ে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৮০ শতাংশ এবং খাদ্য মূল্যস্ফীতি ছিল ১১ দশমিক ২৯ শতাংশ। টিসিবির তালিকাভুক্ত ১২টি অতি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মধ্যে গত একমাসে দাম বেড়েছে আটটির, কমেছে দুইটির এবং অপরিবর্তিত রয়েছে দুইটির দাম। একমাসে চাল, ডাল, ভোজ্যতেল, আটা-ময়দা, চিনি, রসুন, হলুদ, আদা, মাছ, মাংস ও গুড়ো দুধসহ বিভিন্ন ধরণের পণ্য দশমিক ৬১ শতাংশ থেকে সর্বোচ্চ ৩৮ দশমিক ২৪ শতাংশ পর্যন্ত বেড়েছে। একমাসে কমেছে দেশি-বিদেশি পিঁয়াজ, আমদানি করা মসুর ডাল, আলু ও আয়োডিনযুক্ত লবনের দাম। অপরিবর্তিত রয়েছে শুকনো মরিচ, গরুর মাংস, গুড়ো দুধ ডানো ও লেখার কাগজের (সাদা) দাম। গত এক বছরে ১২টি অতি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মধ্যে ছয়টির দাম বেড়েছে ও ছয়টির দাম কমেছে। দাম বৃদ্ধির তালিকায় রয়েছে সরু চাল, মোটা চাল, পাম ওয়েল (খোলা), মসুর ডাল, শুকনো মরিচ ও চিনি। কমার তালিকায় রয়েছে আটা, সয়াবিন তেল (খোলা), আলু, পিঁয়াজ, গুড়ো দুধ ডানো ও ডিপ্লোমা। টিসিবি বলছে, সোমবার রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে মোটা চাল স্বর্ণা ও চায়না ইরি বিক্রি হয়েছে ২৬ থেকে ২৮ টাকা কেজিতে। একমাস আগে এর দাম ছিল ২৪ থেকে ২৮ টাকা। মূল্য বৃদ্ধি হয়েছে ১০ দশমিক ২০ শতাংশ। সরু চাল এক মাসে ৫ দশমিক ৫৬ শতাংশ বেড়ে ৩২ থেকে ৪৪ টাকা এবং মাঝারি চাল ১৬ দশমিক ৯৮ শতাংশ বেড়ে ৩০ থেকে ৩৪ টাকায় বিক্রি হচ্ছে। মোহাম্মদপুরের টাউন হল বাজারের চাল বিক্রেতা ইমান আলী জানালেন, তার দোকানে প্রতি কেজি মোটা চাল বিক্রি হচ্ছে ২৬ থেকে ৩০ টাকায়। ইরি ২৬ টাকা এবং স্বর্ণা ২৮ থেকে ৩০ টাকা কেজিতে বিক্রি করছেন। টিসিবির তথ্যে গত এক মাসে প্রতিকেজি খোলা ও প্যাকেট আটা ১৪ দশমিক ৬৩ শতাংশ বেড়ে ২২ থেকে ২৫ টাকা, ময়দা ১০ শতাংশ বেড়ে ৩১ থেকে ৩৫ টাকা, প্রতি লিটার সয়াবিন তেল (খোলা) দশমিক ৬১ শতাংশ বেড়ে ৮০ থেকে ৮৪ টাকা এবং পাম ওয়েল (খোলা) ৮ দশমিক ২০ শতাংশ বেড়ে ৬৫ থেকে ৬৭ টাকায় বিক্রি হচ্ছে। টাউন হল বাজারের খুচরা ব্যবসায়ী জাফর হোসেন বলেন, প্রতি কেজি আটা ২৫ থেকে ২৬ টাকা ও প্রতিকেজি ময়দা ৩৫ থেকে ৩৬ টাকায় বিক্রি করছেন। প্রতি লিটার খোলা সয়াবিন বিক্রি করছেন ৯০ থেকে ৯৫ টাকায় এবং পাম ওয়েল ৭৮ থেকে ৮০ টাকায়। টিসিবি জানাচ্ছে, একমাস ধরে ৭ দশমিক ৯২ শতাংশ বেড়ে প্রতিকেজি চিনি ৫৩ থেকে ৫৬ টাকায় বিক্রি হচ্ছে। মসুর ডালের দাম দশমিক ৯৫ শতাংশ, মুগ ডাল ৫ দশমিক ৪১ শতাংশ এবং অ্যাংকর ডাল ১৪ দশমিক ৮১ শতাংশ বেড়েছে। তবে আমদানি করা মসুর ডালের দাম ২ দশমিক ৮০ শতাংশ কমেছে। এদিকে ব্রয়লার মুরগীর দাম ৩৮ দশমিক ২৪ শতাংশ, খাসীর মাংস ৭ দশমিক ৩৫ শতাংশ ও রুই মাছের দাম ১২ দশমিক ১২ শতাংশ বেড়েছে। জায়েদ বখ্ত বলেন, "দ্রব্যমূল্য কমিয়ে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখার জন্য সরকারকে বাজারে হস্তক্ষেপ করতে হবে। এ লক্ষ্যে টিসিবিকে শক্তিশালী করতে হবে। নিয়মিত আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে ব্যবস্থা নিতে হবে।" এ ছাড়া চলতি মৌসুমে বোরোর উৎপাদন বাড়ানোর ওপর জোর দেওয়া এবং দেশে বিনিয়োগ বাড়ানোর পদক্ষেপ নিতে হবে বলেও সরকারকে পরামর্শ দেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/আরএ/জিএনএ/১৭৫৯ ঘ.