২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দুই বছরের মধ্যে বিডিবিএল সাফল্যের মুখ দেখবে'

আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো রাষ্ট্রায়ত্ত দুই আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ শিল্প ব্যাংক (বিএসবি) ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থার (বিএসআরএস) একীভূত প্রতিষ্ঠান বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2010, 02:18 PM

Updated : 24 Aug 2022, 06:01 PM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো রাষ্ট্রায়ত্ত দুই আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ শিল্প ব্যাংক (বিএসবি) ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থার (বিএসআরএস) একীভূত প্রতিষ্ঠান বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)। রোববার সকালে রাজধানীর শেরাটন হোটেলে এই নতুন ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বিএসবি ও বিএসআরএস কোনো ক্ষেত্রেই দক্ষতা দেখাতে পারেনি। তাদের কাছ থেকে ঋণ নিয়ে দেশে যে সব শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছিল তাদের অধিকাংশই এখন রুগ্ন শিল্পে পরিণত হয়েছে। রুগ্ন শিল্প জাতির জন্য লজ্জাজনক। রুগ্ন শিল্প পুনর্বাসনের জন্য সরকার একটি নীতিমালা করছে। তবে যেসব রুগ্ন শিল্প কোনো অবস্থায়ই আর দাঁড়াতে পারবে না তাদের বিলুপ্ত করা হবে।। মুহিত বলেন, "আমি আশা করছি, আগামী দুই বছরের মধ্যে নতুন ব্যাংক বিডিবিএল সাফল্যের মুখ দেখবে।' অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সফিকুর রহমান পাটোয়ারি, বিডিবিএলের চেয়ারম্যান নাজেম আহমেদ চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান বক্তব্য রাখেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় এই দুই প্রতিষ্ঠানকে একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছিল। বিএসবি ও বিএসআরএস-এর সমস্ত লোকবলও বিডিবিএলে স্থানান্তরিত করা হবে। মিজানুর রহমান বলেন, মহৎ উদ্দেশ্যে বিএসবি ও বিএসআরএসের যাত্রা শুরু হয়েছিল স্বাধীনতার পরপরই। বাংলাদেশের শিল্পায়নে বিশেষত বড় শিল্পগ্র"প তৈরিতে এই দুই প্রতিষ্ঠানের অবদান রয়েছে। কিন্তু আশির দশকে এসে বিদেশী ঋণ ও অনুদান নিয়ে পরে তা পরিশোধ করতে গিয়ে অনেক প্রতিষ্ঠান রুগ্ন হয়ে পড়ে। বিশেষত মার্কিন ডলারের বিপরীতে টাকার মূল্য পতনের পর ডলারে এই ঋণ পরিশোধ করতে গিয়ে প্রথম সংকটে পড়ে শিল্প প্রতিষ্ঠানগুলো। তিনি বলেন, সরকার এ পরিস্থিতিতে এই দুই প্রতিষ্ঠানকে একীভূত করার উদ্যোগ নিয়েছে। নতুন প্রতিষ্ঠানকে বাণিজ্যিক ভিত্তিতে পরিচালনা করা হবে এবং এই প্রতিষ্ঠানটি বিনিয়োগ প্রতিষ্ঠান হিসাবেও কাজ করবে। ফলে আশা করা যায় যে নতুন এই প্রতিষ্ঠানটি ভালো ফলদায়ক হবে। নাজেম আহমেদ চৌধুরী বলেন, প্রকৃত অবস্থা হল বিএসবি ও বিএসআরএস প্রায় অচল প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। সরকার এই দুই প্রতিষ্ঠানকে একীভূত করে ভালো করার উদ্যোগ নেয়। তিনি বলেন, "আমরা চেষ্টা করব নতুন প্রতিষ্ঠানটিকে কার্যকর ও দক্ষতার সঙ্গে পরিচালনা করে মুনাফাভিত্তিক প্রতিষ্ঠানে রূপান্তর করার। তবে অতি মুনাফা আমরা করতে চাই না। দেশের অর্থনীতি বিনির্মাণে ভূমিকা রাখার মত প্রতিষ্ঠান গড়ার বিষয়টি আমরা সবসময় মনে রাখব।" উদ্বোধনী অনুষ্ঠানের পর তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম রুগ্ন শিল্পের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, "আমাদের সরকারের সময় রুগ্ন শিল্পের ব্যাপারে একটি আইন করা হয়েছিল। পরবর্তীতে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সেই আইন আর অনুমোদন দেয়নি। তবে আশার কথা হচ্ছে, অর্থমন্ত্রী নিজে উদ্যোগ নিয়ে রুগ্ন শিল্পের ব্যাপারে একটি নীতিমালা করার উদ্যোগ নিয়েছেন। এটা আমাদের সরকারের উদ্যোগের ধারাবাহিকতারই একটি অংশ।" অর্থমন্ত্রণালয় থেকে চিঠির মাধ্যমে সব ব্যাংক ও ব্যবসায়ী সংগঠনগুলোর কাছে রুগ্ন শিল্পের তালিকা চাওয়া হয়েছে। সেই তালিকা পাওয়ার পর নীতিমালার আলোকে রুগ্ন শিল্পের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। বিডিবিএলের সম্পদ ও দায় ২০০৮ সালের ৩১ আগস্টে সিএ প্রতিষ্ঠানের প্রাক্কলিত হিসাব অনুসারে এই দুই প্রতিষ্ঠানের বা বিডিবিএলের সম্পদের পরিমাণ হিসাব করা হয়েছে ২৫ কোটি ৬৯ লাখ টাকা এবং দায় ১৪ কোটি ১৫ লাখ টাকা। তবে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ মনে করে ৩১ ডিসেম্বর পর্যন্ত সংস্থাটির আর্থিক হিসাব ধরে সম্পদ ও দায়ের ভিত্তিতে ভেন্ডার এগ্রিমেন্টটি হওয়া উচিত। সাধারণভাবে বলা যায়, বর্তমান বাজার মূল্যে হিসাব করলে বিএসবি ও বিএসআরএসের সম্পদের মূল্যমান সিএ প্রতিষ্ঠানের ২০০৮ সালে ৩১ আগস্টের প্রাক্কলিত হিসাবের চেয়ে আরো অনেক বেশি। বিশেষত ঢাকার মতিঝিলে শিল্প ব্যাংক ভবন ও কারওয়ান বাজারে অবস্থিত শিল্প ঋণ সংস্থার ভবনের মূল্য সিএ প্রতিষ্ঠানের প্রদর্শিত সম্পদের তুলনায় অনেক বেশি। বিডিবিএলের কার্যপরিধি বিডিবিএল একই সঙ্গে বাণিজ্যিক ব্যাংক, শিল্প পুঁজির যোগানদানকারী প্রতিষ্ঠান ও বিনিয়োগ প্রতিষ্ঠান হিসাবে তার কার্যক্রম চালাবে। ইতিমধ্যেই প্রতিষ্ঠানটি বাংলাদেশ ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রম পরিচালনার সনদ পেয়েছে গত নভেম্বর মাসের মধ্যভাগে। বিএসআরএসের মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ প্রতিষ্ঠানের লাইসেন্স রয়েছে, যা বিডিবিএলের নামে স্থানান্তর হয়েছে। বিএসআরএসের একটি মিউচ্যুয়াল ফান্ড আছে, দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ড গঠনের প্রচেষ্টা ইতিমধ্যেই নেওয়া হয়েছিল যেটি নতুন প্রতিষ্ঠানের নামে গঠনের উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে। ইনভেষ্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর মতো নতুন এই প্রতিষ্ঠানটির বিনিয়োগ কার্যক্রমকে তিনটি সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনা করা হবে। এগুলো হলো- সম্পদ ব্যবস্থাপনা, ইস্যু ও মূলধন ব্যবস্থাপনা এবং সিকিউরিটিজ প্রতিষ্ঠান। আগামী মার্চ মাসের মধ্যেই এই সহযোগী প্রতিষ্ঠানগুলো গঠনের কাজ শেষ হবে। অতীতের অভিজ্ঞতা পর্যালোচনা করে নতুন এই প্রতিষ্ঠানটি ভবিষ্যতে শিল্প পুঁজি যোগান দেওয়ার পর চলতি মূলধনও যোগান দেওয়ার ব্যবস্থা নিয়েছে। পরিচালনা পর্ষদ বিডিবিএলের বর্তমান চেয়ারম্যান নাজেম আহমেদ চৌধুরী সরকারের সচিব ও রাষ্ট্রদূত ছিলেন। এছাড়া প্রতিষ্ঠানটির পরিচালকরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞানের অধ্যাপক শান্তি নারায়ন ঘোষ, অর্থ বিভাগের যুগ্ম সচিব অমলেন্দু মুখার্জি, দেওয়ান নূরুল ইসলাম (এফসিএ ও এমবিএ), বিশিষ্ট ব্যবসায়ী ও রহিম আফরোজের পরিচালক নিয়াজ রহিম, ব্যবসায়ী ও উইমেন চেম্বারের সভাপতি সেলিমা আহমেদ, শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তা খলিলুর রহমান সিদ্দিকী, সাবেক সরকারি কর্মকর্তা ইসহাক ভূইয়া ও রাষ্ট্রখাতের একমাত্র বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি'র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং বিডিবিএলের এমডি মিজানুর রহমান পদাধিকার বলে পর্ষদের পরিচালক। পরিশোধিত মূলধন ও আর্থিক ভিত্তি একীভূত প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধন ৪০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুসারে বিএসবি ২০০৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৬৬২ কোটি ৫১ লাখ টাকার ঋণ বিতরণ করেছে। যার মধ্যে ২০২ কোটি ৯ লাখ টাকা খেলাপি ঋণ, শতকরা হারে যা ৩০ দশমিক ৫০ শতাংশ। অন্যদিকে একই সময়ে বিএসআরএসের মোট বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ২০২ কোটি ৮৯ লাখ টাকা। যার মধ্যে ৯৬ কোটি ৪৬ লাখ টাকা খেলাপি। শতকরা হিসাবে যা ৪৭ দশমিক ৫৪ শতাংশ। একীভূত করতে গিয়ে এই দুই প্রতিষ্ঠানের প্রায় আড়াই হাজার কোটি টাকার খেলাপি ঋণকে অবলোপন বা রাইট অফ করা হয়েছে। একীভূত হওয়ার প্রক্রিয়া গত ২৪ ফেব্র"য়ারি 'বাংলাদেশ শিল্প ব্যাংক (সংশোধন) আইন, ২০০৯' জাতীয় সংসদে পাশ হয়। এর মধ্য দিয়েই বিএসবি ও বিএসআরএস একীভূত হওয়ার আইনি বাধা দূর হয়। ২০০৭ সালের শেষভাগে বিএসবি ও বিএসআরএসকে একীভূত করার উদ্দেশ্যে প্রতিষ্ঠান দুটির সম্পদ মূল্যায়ন, খসড়া অধ্যাদেশ প্রণয়ন, খসড়া সংঘ স্মারক ও সংঘ-বিধি প্রণয়নের উদ্যোগ নেয় তত্ত্বাবধায়ক সরকার। সংসদে আইন পাশ হওয়ার পর অর্থ মন্ত্রণালয় গত ২৬ এপ্রিল বিএসবি ও বিএসআরএস কর্তৃপক্ষকে উভয় প্রতিষ্ঠানের একীভূত হওয়ার ব্যাপারে তিনটি নির্দেশনা দিয়েছিল। এগুলো হচ্ছে যৌথ মূলধনী কোম্পানী ও ফার্মসসমূহের নিবন্ধকের দপ্তর থেকে পাবলিক লিমিটেড কোম্পানী হিসেবে নিবন্ধন গ্রহণ, কেন্দ্রীয় ব্যাংক থেকে বিডিবিএল নামে ব্যাংকিং লাইসেন্স নেওয়া এবং নব গঠিত কোম্পানীর কাছে হস্তান্তরের জন্য উভয় প্রতিষ্ঠানের সম্পদ ও দায়-দেনা বিষয়ে সরকারের সঙ্গে ক্রয়-বিক্রয় চুক্তি (ভেন্ডরস এগ্রিমেন্ট) করা। ইতিমধ্যেই বিডিবিএলের সংঘ স্মারক (মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন) ও সংঘ বিধির (আর্টিকেলস্ অব অ্যাসোসিয়েশন) অনুযায়ী নিবন্ধন নেওয়া হয়েছে। তবে প্রতিষ্ঠান দুটিকে একীভূত করার মূল প্রস্তাব আসে বিশ্বব্যাংকের পক্ষ থেকে। বিএসবি, বিএসআরএস গঠনের প্রেক্ষাপট ও পরিণতি স্বাধীনতার পর শিল্প পুঁজির যোগান দিতে এই প্রতিষ্ঠান দুটি স্থাপন করা হয়। এছাড়া শিল্প আধুনিকীকরণ, প্রতিস্থাপন ও সম্প্রসারণের জন্য দীর্ঘ মেয়াদি ঋণ, সমস্যাগ্রস্ত শিল্পের পুনর্বাসনে সহায়তা এবং চলতি ঋণ দেওয়ার লক্ষ্যও ছিল বিএসবি ও বিএসআরএসের। কিন্তু গোটা ৮০'র দশকজুড়ে প্রকল্পের গুণগতমান বিচার না করে ঢালাওভাবে ঋণ বিতরণ করে উভয় প্রতিষ্ঠান। জানা গেছে, ২০০২ সাল পর্যন্ত বিএসবি এক হাজার ৪৯০টি প্রকল্পে ঋণ দিলেও ২০০৪ সালের জুন পর্যন্ত মাত্র ২০৪টি প্রতিষ্ঠান আলোর মুখ দেখেছে। বাকি এক হাজারেরও বেশি প্রকল্প কখনোই আলোর মুখ দেখেনি, যার বেশির ভাগই আশির দশকের ঋণ। আবার ১৯৮৫ সালের মাঝামাঝি থেকে একই কারণে বিএসআরএসের নতুন প্রকল্পে ঋণ দেওয়া সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। পুরোনো ঋণ আদায়ের মাধ্যমেই চলতে থাকে এর কার্যক্রম। বিশ্বব্যাংকের পরামর্শে '৯০-র দশকের শুরুর দিকে বিএসবি ও বিএসআরএসের কার্যক্রম নিষ্ক্রীয় করা হয়। দীর্ঘ এক দশক পরে জোট সরকারের শেষ দিকে বিশ্বব্যাংক প্রতিষ্ঠান দুটিকে অর্থায়ন করতে পরিকল্পনা চেয়ে পাঠায় অর্থ মন্ত্রণালয়ে। তারই ধারাবাহিকতায় বিএসবি ও বিএসআরএসকে একীভূত করার প্রক্রিয়া শুরু হয়। লোকবল বিএসবি ও বিএসআরএসে বর্তমানে ৮৩৫ জন কর্মকর্তা-কর্মচারি রয়েছেন। বিডিবিএলে আরো দুই শতাধিক লোক নিয়োগ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এইচএ/২০০৭ ঘ.