২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ বছরে ৭ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কমিটি

আগামী পাঁচ বছরের মধ্যে সাত হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে প্রস্তাব তৈরি ও তহবিল তৈরির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর জিয়াউল হাসান সিদ্দিকীকে এ কমিটির প্রধান করা হয়েছে। বুধবার সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি উন্নয়ন তহবিল গঠন সংক্রান্ত এক সভায় এ কমিটি গঠন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2009, 12:23 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী পাঁচ বছরের মধ্যে সাত হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে প্রস্তাব তৈরি ও তহবিল তৈরির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর জিয়াউল হাসান সিদ্দিকীকে এ কমিটির প্রধান করা হয়েছে। বুধবার সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি উন্নয়ন তহবিল গঠন সংক্রান্ত এক সভায় এ কমিটি গঠন করা হয়। এতে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সদস্য করা হয়েছে। তবে এ জন্যে অভ্যন্তরীণ পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহে সুনির্দিষ্ট প্রস্তাব প্রয়োজন বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সভা শেষে জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক সাংবাদিকদের বলেন, "সরকার আগামী পাঁচ বছরে সাত হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করেছে। এ ব্যাপারে কমিটির কারিগরি পরামর্শ নেওয়া হয়েছে। এ জন্য একটি তহবিল গঠন করা হবে।" প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, "সরকারের এ উদ্যোগ ইতিবাচক হবে। এখন পর্যন্ত এ খাতে বিদেশি দাতাদের ওপর নির্ভর করতে হয়।" "এ তহবিলের কারণে বিদেশি দাতাদের ওপর নির্ভরতা কমবে," বলেন তিনি। বিদ্যুৎ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এ বিষয়ে গঠিত কমিটি বিদ্যুৎ উৎপাদনের সাংগঠনিক কাঠামো, ব্যবস্থাপনা পদ্ধতি এবং কর্মপ্রক্রিয়া সম্পর্কে প্রস্তাব তৈরি করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান রাকিবুর রহমান জানান, ডেসকো, পাওয়ার গ্রিড কম্পানি ও তিতাস গত ১০ বছরে পুঁজিবাজার থেকে ২০ হাজার কোটি টাকা সংগ্রহ করেছে। সুনির্দিষ্ট প্রস্তাবের ভিত্তিতে সরকার উদ্যোগ নিয়ে পাঁচ বছরের মধ্যে বিদ্যুৎ উৎপাদন তহবিলের জন্য ১০ বিলিয়ন ডলার সংগ্রহ করতে পারবে বলে জানান রাকিবুর রহমান। জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জ্বালানি সচিব মো. মহসিন, বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুৎখাতকে অগ্রাধিকার দিয়ে বেশ কিছু কর্মসূচি হাতে নেয়। বিগত কয়েক বছরে দেশে নতুন বিদ্যুৎ উৎপাদন না হওয়ায় বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি উৎপাদন বাড়ানোর দিকে নজর দেয়া হয়। গত ১৯ শে জুন থেকে ঘড়ির কাটা এক ঘণ্টা এগিয়ে আনা হয়। রমজান মাস ছাড়া রাত আটটার মধ্যে দোকানপাট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এসএইচ/১৮২০ ঘ.