আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব অর্থনীতির চলমান মন্দা প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ওপর কোনো ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারেনি। প্রতি মাসেই রেমিটেন্সের পরিমাণ বাড়ছে।
মন্দার ধকল সামলে আগস্ট মাসে অতীতের সব রেকর্ড ভেঙ্গে ৯৩ কোটি ৭৯ লাখ ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। এটা গত বছরের আগস্ট মাসের চেয়ে ৩০ দশমিক ৩০ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়ে বলেন, "বিশ্ব অর্থনীতির মন্দার মধ্যেও এভাবে রেমিটেন্স বাড়া আমাদের অর্থনীতির জন্য খুবই ভালো দিক।
"এখন এই রেমিটেন্সকে যে করেই হোক উৎপাদনশীল খাতে বিনিয়োগে নিয়ে আসতে হবে। সেটা না হলে মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে।"
ভবিষ্যতেও রেমিটেন্স প্রবাহে মন্দার প্রভাব পড়বে না বলে আশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ এন্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের তথ্য অনুযায়ী, চলতি ২০০৯-১০ অর্থবছরের দ্বিতীয় মাস আগস্ট মাসে ৯৩৭ দশমিক ৯১ মিলিয়ন (৯৩ কোটি ৭৯ লাখ) ডলারের) রেমিটেন্স দেশে এসেছে। এর আগে কখনোই এক মাসে এতো বেশি রেমিটেন্স দেশে আসেনি।
গত জুন মাসে ৯১ কোটি ৯১ লাখ ডলারের রেমিটেন্স দেশে এসেছিল এবং ওটাই ছিল এক মাসে সর্বোচ্চ রেমিটেন্স।
চলতি অর্থবছরের প্রথম মাস জুলাই মাসে আসে ৮৮ কোটি ৬৪ লাখ ডলারের রেমিটেন্স।
গত বছরের জুলাই মাসে এসেছিল ৮৮ কোটি ৫৩ লাখ ডলার।
এদিকে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৯ বিলিয়ন ডলার (৯০০ কোটি ডলার) অতিক্রম করেছে।
এর আগে কখনোই রিজার্ভ ৯০০ কোটি ডলারের ঘরে উঠেনি।
রেমিটেন্স প্রবাহের অব্যাহত বৃদ্ধি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৭০ কোটি (৭০০ মিলিয়ন) ডলারের ঋণ কেন্দ্রীয় ব্যাংকের রির্জার্ভে জমা হওয়ায় রিজার্ভ নয় বিলিয়ন ডলার অতিক্রম করেছে বলে আতিউর রহমান জানান।
বৃহস্পতিবার রিজার্ভের পরিমাণ ছিল ৯১৮ কোটি ৯৭ লাখ (৯ দশমিক ১৯ বিলিয়ন) ডলার।
এই রিজার্ভ দিয়ে ছয় মাসের বেশি আমদানি ব্যয় মেটানো সম্ভব।
আন্তর্জাতিক মান অনুযায়ী, যে কোনো দেশের তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বৈদেশিক মুদ্রা থাকতে হয়।
প্রয়োজনের অতিরিক্ত রিজার্ভ কিভাবে বিনিয়োগে নিয়ে আসা যায় তা নিয়ে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে বলে জানান আতিউর রহমান।
গভর্নর বলেন, "মন্দার কারণে দেশে বড় বিনিয়োগ খুব বেশি হচ্ছে না। এ কারণে কৃষি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) বিনিয়োগের দিকে বেশি নজর দিতে হবে।
"প্রবাসীদের পাঠানো রেমিটেন্স যাতে এ দুই খাতে বিনিয়োগ হয় সেজন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে।"
রেমিটেন্স সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, গত ২০০৮-০৯ অর্থবছরে ৯৬৮ কোটি ৯৩ লাখ (৯ দশমিক ৬৯ বিলিয়ন) ডলারের রেমিটেন্স দেশে আসে।
২০০৭-০৮ অর্থবছরে এসেছিল ৭৯১ কোটি ৪৭ লাখ (৭ দশমিক ৯১ বিলিয়ন) ডলারের রেমিটেন্স।
বিশ্ব অর্থনীতিতে মন্দার প্রভাব শুরু হওয়ার পর থেকেই দাতাসংস্থা বিশ্বব্যাংক, আইএমএফ ও এডিবি বলে আসছিলো, মন্দার কারণে দেশের অর্থনীতির অন্যতম প্রধান সূচক প্রবাসীদের পাঠানো রেমিটেন্স আশঙ্কাজনক হারে কমে যাবে।
স্থানীয় অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরাও একই ধরনের আশঙ্কা করছিলেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ৬৫ লাখ প্রবাসী বিভিন্ন দেশে অবস্থান করছে।
চলতি বছরের (২০০৯ সাল) প্রথম সাত মাসে (আগস্ট পর্যন্ত) সাড়ে তিন লাখ প্রবাসী কাজের জন্য বিভিন্ন দেশে গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএইচ/২১৫১ ঘ.
bdnews24