২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেপ্টেম্বরেই ডিজিটাল ল্যান্ড টেলিফোন সেট ও জানুয়ারিতে মোবাইল সেট বাজারে ছাড়বে টেশিস

চলতি মাসেই স্বল্প মূল্যে ডিজিটাল ল্যান্ড টেলিফোন সেট ও আগামী জানুয়ারিতে মোবাইল ফোন সেট বাজারে ছাড়বে বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা (টেশিস)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2009, 11:35 AM

Updated : 26 Aug 2022, 11:59 AM

ঢাকা, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি মাসেই স্বল্প মূল্যে ডিজিটাল ল্যান্ড টেলিফোন সেট ও আগামী জানুয়ারিতে মোবাইল ফোন সেট বাজারে ছাড়বে বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা (টেশিস)। বুধবার টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এক বৈঠক শেষে কমিটির সভাপতি হাসানুল হক ইনু সাংবাদিকদের বলেন, "টেলিফোন শিল্প সংস্থা এ মাসেই ল্যান্ডসেট বাজারে ছাড়বে এবং আগামী জানুয়ারিতে মোবাইল ফোন বাজারজাত করা হবে। তিনি বলেন, "২০১০ সালের ডিসেম্বরের মধ্যে খুলনার কেবল শিল্প সংস্থা যাতে ফাইবার অপটিক তার বাজারে ছাড়তে পারে এবং দেশে কম দামে ল্যাপটপ ও নবায়নযোগ্য সোলার প্যানেল তৈরি করা যায়, সেজন্য মহাপরিকল্পনা নিতে মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করা হয়েছে।" তিনি জানান, দেশে স্বল্পমূল্যে ল্যাপটপ তৈরির পরিকল্পনা হলেও প্রযুক্তি আসবে বিদেশ থেকে। এ স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক শেষে ইনু বলেন, গ্রাহক চাহিদা মেটানোর জন্য পাঁচ শ' টাকা থেকে ছয় শ' টাকা মূল্যের ডিজিটাল ল্যান্ড টেলিফোন সেট ও দেড় হাজার টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন সেট বাজারজাত করা সম্ভব হবে। টেলিফোন শিল্প সংস্থা ও কেবল শিল্প সংস্থাকে লাভজনক প্রতিষ্ঠানের রূপ দিতেই উৎপাদনমুখী ব্যবস্থা নেওয়া হচ্ছে উল্লেখ কমিটির সভাপতি বলেন, "প্রতিষ্ঠানগুলো সাময়িক ক্ষতির সম্মুখীন হয়েছে। এগুলো বহুমুখী উৎপাদনে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। "এজন্য প্রতিষ্ঠানগুলোতে ল্যান্ডসেট, মোবাইল ফোন সেট, ল্যাপটপ, বৈদ্যুতিক তার তৈরি এবং পুরনো তামার তারের বদলে ফাইবার অপটিক তার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" তিনি জানান, বাংলাদেশ টেলি কমিউনিকেসন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল), টেলিটকসহ সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংস্থাকে দেশীয় কারখানায় তৈরি পণ্য ব্যবহার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ দু'টি পদক্ষেপে দেশের ৭৫ শতাংশ চাহিদা মেটানোর পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে। এক প্রশ্নের জবাবে হাসানুল হক বলেন, "চারদলীয় জোট সরকার ও বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় সরকারি মোবাইল ফোন সেবা সংস্থা-টেলিটককে স্থবির ও অলাভজনক করে ফেলা হয়। "বর্তমান সরকার এটিকে জাতীয় প্রতিষ্ঠান হিসেবে রক্ষা ও পর্যাপ্ত সুবিধা দিয়ে এক নম্বর প্রতিষ্ঠানে পরিণত করার ব্যবস্থা নিয়েছে।" টেলিটকের নেটওয়ার্ক সুবিধা আরও মসৃণ করতে আধুনিক ও প্রযুক্তিগত সুবিধা বাড়ানো হবে বলেও জানান তিনি। কমিটির সুপারিশ বাস্তবায়নের বিষয়ে হাসানুল হক ইনু বলেন, "আমরা সুপারিশ করেছি, তা বাস্তবায়ন করবে মন্ত্রণালয়। এ ক্ষেত্রে কমিটি কাজের অগ্রগতি নজরদারি করবে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।" সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ের সময় সাংসদ আসম ফিরোজসহ স্থায়ী কমিটির সদস্য ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএইচ/১৭৪৯ ঘ.