২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ লাখ বর্গাচাষীকে ঋণ দিতে ৫০০ কোটি টাকার তহবিল

বর্গাচাষীদের ঋণ দিতে ৫০০ কোটি টাকার একটি তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। দেশে এ ধরনের প্রথম এ উদ্যোগে সহায়তা পাবে ৩ লাখ কৃষক। এ তহবিল থেকে একজন কৃষক সর্বোচ্চ ২০ হাজার টাকা নিতে পারবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2009, 10:13 AM

Updated : 26 Aug 2022, 11:59 AM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্গাচাষীদের ঋণ দিতে ৫০০ কোটি টাকার একটি তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। দেশে এ ধরনের প্রথম এ উদ্যোগে সহায়তা পাবে ৩ লাখ কৃষক। এ তহবিল থেকে একজন কৃষক সর্বোচ্চ ২০ হাজার টাকা নিতে পারবেন। ঋণ গ্রহিতার জমির পরিমাণ আড়াই একরের বেশি হতে পারবে না। আর শিক্ষাগত যোগ্যতা এসএসসির কম এমন কৃষকরাই ঋণ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। 'পুনঃঅর্থায়ন স্কিম' নামের এ তহবিল গঠনে বুধবার বাংলাদেশ ব্যাংক ও বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাকের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। ৩০ থেকে ৪০ জনের একটি সংগঠন করে এ ঋণ বিতরণ করা হবে। তবে এনজিওগুলো যেভাবে ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় করে, সেভাবে এ ঋণের কিস্তি আদায় হবে না। বাংলাদেশ ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের কৃষি ঋণ ও স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহা-ব্যবস্থাপক এস এম মনিরুজ্জমান এবং ব্র্যাকের পক্ষে পরিচালক (অর্থ) এস এম কৈরী। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, "ব্যাংকগুলো যে কৃষি ঋণ বিতরণ করে অবহেলিত বর্গা চাষীরা তা পায় না। অথচ দেশের মোট দেড় কোটি কৃষকের অর্ধেকই বর্গা চাষী। এই বিষয়টি বিবেচনায় রেখে কেন্দ্রীয় ব্যাংক এ ধরনের প্রকল্প হাতে নিয়েছে।" 'পুনঃঅর্থায়ন স্কিম' নামের এ তহবিল থেকে বেসরকারি সংস্থা ব্র্যাক ৫ শতাংশ সুদে ঋণ নিয়ে ১০ শতাংশ সুদে সারা দেশের বর্গাচাষীদের ঋণ দেবে। কোনও ধরনের জামানত ছাড়াই বর্গাচাষীদের মধ্যে এ ঋণ বিতরণ করা হবে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা জানান, দেশের ৩৫ জেলার ১৫০টি উপজেলায় ৩ লাখ বর্গা চাষীদের এই ঋণ বিতরণ করা হবে। ৫০০ কোটি টাকা তহবিলের মধ্যে ৪৫০ কোটি টাকা ফসল ঋণ খাতে এবং ৫০ কোটি টাকা কৃষি সহায়ক যন্ত্রপাতি ক্রয় খাতে ঋণ দেওয়া হবে। ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন জানান, একজন কৃষক সর্বোচ্চ ২০ হাজার টাকা ঋণ পাবেন। এসএসসি পাস করেনি তেমন কৃষকরাই এই ঋণ সুবিধার আওতায় পড়বেন। আতিউর বলেন, "প্রচলিত ক্ষুদ্র ঋণের মত ব্র্যাক এই ঋণের কিস্তি আদায় করবে না। মৌসুম (ফসল) ভিত্তিতে বর্গা চাষীদের কাছ থেকে ঋণের কিস্তি আদায় করা হবে।" প্রকৃত বর্গা চাষীরাই সত্যি সত্যি এই ঋণ পাচ্ছে কিনা তার ওপর কেন্দ্রীয় ব্যাংক প্রতিনিয়ত নজর রাখবে বলেও জানান গভর্নর। "এই প্রকল্প সফল হলে ভবিষ্যতে অন্যান্য এনজিওগুলোর সঙ্গেও এ ধরনের প্রকল্প হাতে নেবে কেন্দ্রীয় ব্যাংক", বলেন তিনি। ব্র্যাকের চেয়ারম্যান ফজলে হাসান আবেদ বলেন, "কৃষকদের মাঝে ঋণ বিতরণ খুবই ঝুঁকিপূর্ণ। এর পরও আমরা বর্গা চাষীদের ঋণ দেওয়ার একটি সিদ্ধান্ত নিয়েছি। বর্গাচাষীদের মধ্যে সংগঠন গড়ে তোলার মাধ্যমে এই ঋণ বিতরণ করা হবে।" তিনি জানান, বাংলাদেশ ব্যাংককে আমরা ১০০ ভাগ ব্যাংক গ্যারান্টি আগেই দিয়ে রেখেছি। এ প্রকল্পে যদি লোকসান হয় তবে তা হবে ব্র্যাকের। চুক্তির শর্ত কেন্দ্রীয় ব্যাংক ও ব্র্যাকের মধ্যে স্বাক্ষরিত চুক্তির উল্লেখযোগ্য শর্তগুলোর মধ্যে রয়েছে- এ তহবিল থেকে শুধু বর্গাচাষীদের কৃষি ঋণ দিতে হবে। চলতি ২০০৯-১০ অর্থবছর থেকে এ কর্মসূচি চালু করতে হবে। যে সব বর্গাচাষী ব্যাংক থেকে কৃষি ঋণ নেয়নি, কেবল তারাই এ ঋণ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে। যে সব কৃষকের নিজস্ব চাষযোগ্য জমির পরিমাণ ২ দশমিক ৪৭ একরের কম কেবল তারাই এ ঋণ সুবিধা পাবে। স্বল্প মেয়াদি ঋণ বাবদ ৪৫০ কোটি টাকা ফসল খাতে এবং মধ্য মেয়াদি ঋণ বাবদ ৫০ কোটি টাকা কৃষি সহায়ক যন্ত্রপাতি খাতে বিতরণ করতে হবে। স্বল্প মেয়াদি ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ এক বছর এবং মধ্য মেয়াদি ঋণের মেয়াদ হবে এক বছরের ঊর্ধ্বে কিন্তু সর্বোচ্চ তিন বছর। ঋণ গ্রহীতা কৃষকদের জন্য প্রযুক্তিগত পরামর্শ সুবিধার ব্যবস্থা ব্র্যাক নিজস্ব অর্থায়নে করবে। এ কর্মসূচির আওতায় বিতরণকৃত ফসল ঋণ বাবদ আদায়যোগ্য ঋণের ৩০ শতাংশ টাকা ব্র্যাক সমান মাসিক কিস্তিতে এবং অবশিষ্ট ৭০ শতাংশ টাকা ফসল কাটার পর দুটি সমান মাসিক কিস্তিতে বর্গাচাষীদের কাছ থেকে আদায় করবে। কৃষি যন্ত্রপাতি বাবদ ঋণ মাসিক/ত্রৈমাসিক কিস্তিতে আদায় করতে হবে। বর্গাচাষীদের কাছ থেকে ব্র্যাক সর্বোচ্চ ১০ শতাংশ হারে সুদ আদায় করবে। ব্র্যাক বাংলাদেশ ব্যাংক থেকে পুনঃঅর্থায়ন তহবিল থেকে ৫ শতাংশ সুদে ঋণ নিয়ে তার সঙ্গে আর ৫ শতাংশ যোগ করে সর্বোচ্চ ১০ শতাংশ সুদে ঋণ দেবে ব্র্যাক। ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন বলেন, "৩০/৪০ জন বর্গাচাষীকে নিয়ে একটি সংগঠন (সমিতি) গঠন করে এ ঋণ বিতরণ করা হবে। আগামী বোরো মৌসুমের আগেই এ ঋণ বিতরণ শুরু করা হবে। অর্থাৎ নভেম্বর মাসে আমরা ঋণ বিতরণ শুরু করব।" চলতি ২০০৯-১০ অর্থবছরে ব্যাংকগুলোকে (সরকারি, বেসরকারি, বিশেষায়িত ও বিদেশি ব্যাংক) সাড়ে ১১ হাজার কোটি টাকার কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। জুলাই মাসে এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়। ২০০৮-০৯ অর্থবছরে ৯ হাজার ২৮৪ কোটি ৪৬ লাখ টাকার কৃষি ঋণ বিতরণ করে ব্যাংকগুলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/আরএ/এমআই/১৭৫০ ঘ.