চট্টগ্রাম, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- চট্টগ্রামের খুচরা ও পাইকারি বাজার ঘুরে পণ্যের নির্ধারিত দামের সঙ্গে মিল খুঁজে পায়নি বাজার তদারক কমিটি।
বাজার ঘুরে তদারক কমিটির নেতৃত্বদানকারী ম্যাজিস্ট্রেটদের একজন কুলদীপ চাকমা সাংবাদিকদের বলেছেন, "দোকানদাররা কেউ পণ্যমূল্য নিয়ে সত্য কথা বলছেন না। আমরা বাজারের অসঙ্গতি বের করছি এবং ব্যবসায়ীদের সাবধান করে দিয়ে নির্ধারিত দরে পণ্য বিক্রির জন্য বলেছি।"
সোমবার চট্টগ্রামে প্রশাসনের উদ্যোগে গঠিত বাজার তদারক কমিটি পাঁচজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরীর ১৫ টি খুচরা ও খাতুনগঞ্জের পাইকারি বাজার পরিদর্শন করে।
এসময় কমিটির সদস্য ব্যবসায়ী প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
কমিটির সদস্যরা দেখতে পেয়েছেন, একেকটি বাজারে ভিন্ন ভিন্ন দরে পণ্য বিক্রি হচ্ছে। প্রশাসনের নির্দেশমতো পণ্য তালিকাও টাঙাচ্ছেন না দোকানদাররা।
রোববার বিকেলে প্রশাসনের উদ্যোগে গঠিত তদারক কমিটি পণ্যের সংশোধিত মূল্য তালিকা নির্ধারণ করে। ওই সভার ২০ ঘন্টার মাথায় বাজার পরিদর্শনে যায় কমিটি।
প্রশাসনের নির্ধারিত দরের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করার বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রাথমিকভাবে ম্যাজিস্ট্রেটরা বাজার মনিটরিংয়ের পাশাপাশি ব্যবসায়ীদের সচেতন করার কাজ করছেন।"
সামনের সপ্তাহেও তদারক কমিটি এ ধরণের অনিয়ম দেখতে পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
তদারক কমিটির পরবর্তী সভায় ব্যবসায়ীদের কাছে এর জবাব চাওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
রেয়াজুদ্দিন বাজার ঘুরে দেখা গেছে, ভাল মানের ছোলা প্রতি কেজি ৫৫,মাঝারি মানের ছোলা ৪৮, খোলা সয়াবিন ৮০, পাম তেল ৬৬, খেসারির ডাল ৫৪, মটর ২৫, চিনি ৪৪, পেয়াঁজ ২০ থেকে ২২ টাকা দরে বিক্রি হচ্ছে।
এসব পণ্যই কাজীর দেউরী বাজারে বিক্রি হয় কেজিতে ৩ থেকে ৭ টাকা বেশি দরে।
অথচ রোববার বাজার তদারক কমিটির সভায় নির্ধারিত মূল্য ছিল- প্রতি কেজি মটর ২৪, মাঝারি মানের ছোলা সাড়ে ৪০, নিুমানের ছোলা ৩৬, চিনি ৪৪, সয়াবিন ৭৪, পামতেল ৬৩, খেসারি সাড়ে ৪৮ এবং পেঁয়াজ ১৮ থেকে ২০ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএইচ/এসকে/২১০৩ঘ.
bdnews24