২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাজার নিয়ে ক্রেতাদের ক্ষোভ দেখছেন না অর্থমন্ত্রী

বাজার পরিস্থিতি নিয়ে ক্রেতাদের ক্ষোভ দেখছেন না অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত; যদিও তিনি স্বীকার করেছেন, কিছু পণ্যের দাম বেড়েছে। পণ্যমূল্য বৃদ্ধি নিয়ে গণমাধ্যমে অতিরঞ্জিত প্রচার চলছে বলেও অভিযোগ করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2009, 09:38 AM

Updated : 26 Aug 2022, 11:56 AM

ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজার পরিস্থিতি নিয়ে ক্রেতাদের ক্ষোভ দেখছেন না অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত; যদিও তিনি স্বীকার করেছেন, কিছু পণ্যের দাম বেড়েছে। পণ্যমূল্য বৃদ্ধি নিয়ে গণমাধ্যমে অতিরঞ্জিত প্রচার চলছে বলেও অভিযোগ করেছেন তিনি। দ্রব্য মূল্য পরিস্থিতি নিয়ে রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, "বাজারে কিছু কিছু পণ্যের দাম বেড়েছে এ কথা ঠিক। কিন্তু তা নিয়ে ক্রেতাদের মধ্যে কোনও ক্ষোভ আমরা দেখছি না।" গণমাধ্যমকে দোষারোপ করে তিনি বলেন, "পণ্যের দাম যতটা না বেড়েছে, তার চেয়ে গণমাধ্যমে বেশি প্রচার করা হচ্ছে। এর ফলে অসাধু ব্যবসায়ীরা বাজারে জিনিসপত্রের দাম আরও বাড়িয়ে দিচ্ছে।" রমজানে কাঁচামরিচ, বেগুনসহ কিছু পণ্যের দাম বাড়ার প্রবণতা বহুদিন ধরে চলে আসছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, "আমি আমার অভিজ্ঞতা থেকে লক্ষ করেছি, প্রতি রোজায় এটা ঘটে।" তবে নিত্য প্রয়োজনীয় পণ্যেও মূল্য যাতে না বাড়ে, সে জন্য সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মুহিত জানান। তিনি বলেন, "টিসিবিকে আমরা কবর থেকে তুলে এনেছি। বাজার নিয়ন্ত্রণে টিসিবি এখন কাজ করছে। এছাড়া ডিমের বাজার নিয়ন্ত্রণে আনতে আমরা ডিম আমদানির সিদ্ধান্ত নিয়েছি।" চিনির দামও আস্তে আস্তে সহনীয় পর্যায় নেমে আসছে বলে মন্তব্য করেন মুহিত। রোজার শুরুতেই বাজারে বিভিন্ন পণ্যের মূল্য বেড়ে গেছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। রাষ্ট্রায়াত্ত ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) ইতোমধ্যে কয়েকটি পণ্য ন্যায্য মূল্যে বিক্রি শুরু করেছে। তবে চাহিদার তুলনায় তা অপ্রতুল বলে অভিযোগ উঠেছে। সাংবাদিকদরে সঙ্গে অর্থমন্ত্রীর কথা হওয়ার আগে তিনি স্ট্যাম্প ফি সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অংশ নেন। বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, (আইআরটি) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/আরএ/এমআই/১৫৫০ ঘ.