চট্টগ্রাম, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্ধারিত সময়ে বেতন না পেয়ে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (ইপিজেড) একটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা শনিবার বিক্ষোভ ও ভাংচুর করেছে।
মিলেনিয়াম স্পিনিং অ্যান্ড নিটিং নামে ওই কারখানায় বিক্ষোভের সময় শ্রমিকরা ভাংচুরও করে।
শ্রমিকদের হামলায় কারখানার তিন কর্মকর্তা আহত হয়েছেন। এদের মধ্যে ফিনিশিং ইনচার্জ মোহাম্মদ রায়হানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাসেত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্ধারিত সময়ে বেতন পরিশোধ না করা, দুপুরের খাবার ও পরিবহন বন্ধ করে দেওয়ার প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভ করেছে।"
তিনি জানান, বিকেলে বেপজা কর্তৃপক্ষ ও পুলিশের উপস্থিতিতে মালিকপক্ষ আগামী ২৫ জুলাই চলতি মাসের বেতন, সামনের সেপ্টেম্বর থেকে প্রতি মাসে ৭ তারিখ এবং দুপুরের খাবার দিতে রাজি হয়েছেন। এরপর বিকেলে শ্রমিক শান্ত হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইপিজেড ৮ নম্বর সেক্টরের মিলেনিয়াম স্পিনিং এন্ড নিটিং মিলের শ্রমিকরা প্রতি মাসের ৭ তারিখে বেতন পেয়ে থাকেন। আগস্ট মাসে বেতন ২২ তারিখে পরিশোধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ।
তবে শনিবার সকালে মালিকপক্ষ বেতন না দেওয়ার ঘোষণা দিলে কারখানার প্রায় চার হাজার শ্রমিক বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা এর প্রতিবাদ জানায়।
একপর্যায়ে শ্রমিকরা কারখানার ভেতরে ভাংচুর ও মিছিল শুরু করে। বিকেল সাড়ে তিনটা পর্যন্ত বিক্ষোভ চলার পর বেপজা কর্তৃপক্ষ ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
কারখানার শ্রমিক নাসিমা বেগম সাংবাদিকদের বলেন, "শুধু বেতন বকেয়া নয়, এক বছর ধরে শ্রমিকদের ওভারটাইম দেওয়াও বন্ধ রয়েছে।"
এছাড়া কারখানার কর্মকর্তারা নানাভাবে শ্রমিকদের নির্যাতন করে বলেও অভিযোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এসএইচ/০০৩৫
bdnews24