২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনীতির ভিত মজবুত করতে ৭০ কোটি ডলার ঋণ দেবে আইএমএফ

বিশ্বমন্দার প্রভাব মোকাবেলা করে অর্থনীতির ভিত মজবুত করতে বাংলাদেশকে ৭০০ মিলিয়ন (৭০ কোটি) ডলার ঋণ সহায়তা দেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। বিস্তারিত জানাচ্ছেন আবদুর রহিম হারমাছি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2009, 12:23 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

আবদুর রহিম হারমাছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বমন্দার প্রভাব মোকাবেলা করে অর্থনীতির ভিত মজবুত করতে বাংলাদেশকে ৭০০ মিলিয়ন (৭০ কোটি) ডলার ঋণ সহায়তা দেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, "মঙ্গলবার আইএমএফ থেকে কেন্দ্রীয় ব্যাংকে একটি মেইল এসেছে। এতে তারা ৭০০ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে। আগামী সেপ্টেম্বর মাসে ওই সহায়তা কেন্দ্রীয় ব্যাংকে জমা হবে।" মন্দার ক্ষতি পুষিয়ে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন দেশকে সহায়তার জন্য আইএমএফ যে তহবিল গঠন করেছে তা থেকে এ সহায়তা দেওয়া হচ্ছে। আতিউর বলেন, "মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ছিল ৮ দশমিক ২২ বিলিয়ন ডলার। আইএমএফের সহায়তা পাওয়া গেলে রিজার্ভ বেড়ে ৯ বিলিয়ন ডলারের কাছাকাছি দাঁড়াবে এবং তা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।" তিনি বলেন, "কিছুদিন আগে (জুলাই মাসের শেষ দিকে) আইএমএফের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসেছিল। তখন তাদের সঙ্গে আমার একটি বৈঠক হয়। ওই বৈঠকে আইএমএফ প্রতিনিধিরা বিশ্ব অর্থনীতির চলমান মন্দা মোকাবেলার জন্য লেনদেনের ভারসাম্য (ব্যালান্স অব পেমেন্ট- বিওপি) ঠিক রাখতে বাংলাদেশকে ঋণ দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। "তবে আমি তাদের জানিয়েছিলাম, বিশ্বমন্দার প্রভাব বাংলাদেশে তেমন পড়েনি; লেনদেনের ভারসাম্যেও কোনও নেতিবাচক প্রভাব পড়েনি। উল্টো আমরা উদ্বৃত্ত অবস্থায় রয়েছি। এ অবস্থায় লেনদেনের ভারসাম্য ঠিক রাখতে আমাদের ঋণ সহায়তার প্রয়োজন নেই।" গভর্নর আরও বলেন, "বৈঠকে আমি আইএমএফ প্রতিনিধিদের বলেছিলাম, বিশ্বমন্দার মধ্যেও লেনদেনের ভারসাম্যে উদ্বৃত্ত রাখতে সক্ষম হওয়ার জন্য আইএমএফের বাংলাদেশকে পুরস্কৃত করা উচিত। সে পুরস্কারের অংশ হিসেবেই হয়তো আইএমএফ বাংলাদেশকে ৭০০ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। "ওয়াশিংটন ফিরে প্রতিনিধি দলটি বাংলাদেশ সম্পর্কে রিপোর্ট করার পর আইএমএফ বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে। সেটাই তারা আমাকে জানিয়েছে।" আতিউর বলেন, "আইএমএফ বিভিন্ন দেশকে যে ঋণ দেয় তা সাধারণত ব্যালান্স অব পেমেন্ট ঠিক রাখতে ব্যয় করা হয়। বর্তমানে বাংলাদেশের ব্যালান্স অব পেমেন্ট ভালো অবস্থায় রয়েছে। এক্ষেত্রে আইএমএফের ঋণের প্রয়োজন নেই। তবে সহজ শর্তে (অপেক্ষাকৃত কম সুদে) ঋণ সহায়তা পাওয়া গেলে সেটা নেওয়া যেতে পারে। এমন ঋণ বিশ্বমন্দার প্রভাব মোকাবেলার কাজে সহায়ক হবে বলে জানিয়ে তিনি বলেন, "বিশ্বমন্দায় আমাদের চিংড়ি ও পাদুকা (জুতা) রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়লেও রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পে তেমন প্রভাব পড়েনি। এর প্রধান কারণ, আমরা সাধারণত কম দামি পোশাক রপ্তানি করি। এ কারণে মন্দার মধ্যেও কম দামি পোশাকের চাহিদা তেমন কমেনি।" গভর্নর বলেন, "মন্দা বাংলাদেশের জন্য সুফল বয়ে আনতে পারে। অনেক দেশে ধীরে ধীরে মন্দা কেটে যাচ্ছে। সে সব দেশে নতুন করে বাজার সৃষ্টি হবে। সেই বাজার আমাদের দখল করতে হবে। আর এখনই সেই প্রস্তুতি নিতে হবে।" আইএমএফের ঋণ এক্ষেত্রে কাজে লাগানো যেতে পারে বলে মন্তব্য করেন তিনি। আতিউর বলেন, "কোনও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দিয়েই প্রতীয়মাণ হয় সেই দেশের অর্থনীতি কতোটা মজবুত ভিত্তির ওপর রয়েছে। আমাদের রিজার্ভ এমনিতেই বেশ সন্তোষজনক অবস্থায় রয়েছে।" "আইএমএফের সহায়তা যোগ হলে রিজার্ভ আরও বাড়বে। সেক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল হবে। বাড়বে বিদেশি বিনিয়োগ।" চলতি বছরে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ১০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে দাবি করে গভর্নর বলেন, "প্রতিদিনই রেমিটেন্সের পরিমাণ বাড়ছে। আর এ রেমিটেন্সের কারণেই কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ বাড়ছে। এক সপ্তাহ আগে রিজার্ভ ছিল ৮ বিলিয়ন ডলার। "মঙ্গলবার তা বেড়ে সোয়া ৮ বিলিয়ন ডলারে (৮ দশমিক ২২ বিলিয়ন ডলার) দাঁড়িয়েছে। বছর শেষে রেমিটেন্সের পরিমাণ প্রথমবারের মতো ১০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।" বিশ্বমন্দার মধ্যে রেমিটেন্সের এই প্রবাহ বৃদ্ধি অনেককেই অবাক করেছে বলে জানান তিনি। গত ১৯ জুলাই চলতি জুলাই-ডিসেম্বর মেয়াদের মুদ্রানীতি ঘোষণার সময় গভর্নর জানিয়েছিলেন, দেশে বিনিয়োগ বাড়াতে প্রয়োজনে উদ্বৃত্ত রিজার্ভ ভেঙ্গে উদ্যোক্তাদের ঋণ দেওয়া হবে। রিজার্ভ থেকে রপ্তানিকারকদের ঋণ দেওয়া হবে বলেও জানান তিনি। আইএমএফের ওই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের জানিয়েছিলেন, বিশ্বমন্দায় লেনদেনের ভারসাম্য ঠিক রাখতে দারিদ্র্য বিমোচন প্রবৃদ্ধি সহায়তা (পিআরজিএফ) কর্মসূচির আওতায় আইএমএফ শূন্য দশমিক ২৫ শতাংশ সুদে বাংলাদেশকে ঋণ দিতে আগ্রহ প্রকাশ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এজে/এসএইচ/এমআই/১৮৩০ ঘ.