২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্ব আদায়ের চেয়ে মানুষের বেঁচে থাকাটা গুরুত্বপূর্ণ: মুহিত

বিভিন্ন পণ্যের আমদানি শুল্ক কমানোয় রাজস্ব আদায় কমে যাচ্ছে- শুল্ক কর্মকর্তাদের এ বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, রাজস্ব আদায়ের চেয়ে মানুষের বেঁচে থাকাটা গুরুত্বপূর্ণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2009, 07:14 AM

Updated : 26 Aug 2022, 11:55 AM

চট্টগ্রাম, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন পণ্যের আমদানি শুল্ক কমানোয় রাজস্ব আদায় কমে যাচ্ছে- শুল্ক কর্মকর্তাদের এ বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, রাজস্ব আদায়ের চেয়ে মানুষের বেঁচে থাকাটা গুরুত্বপূর্ণ। গাড়িসহ বিলাসি পণ্য আমদানি কমানোরও পক্ষপাতি তিনি। মঙ্গলবার চট্টগ্রাম শুল্ক ভবনে এক মতবিনিময় সভায় মুহিত বলেন, "রাজস্ব আদায় বড় জিনিস নয়, অর্থনীতি পরিচালনাই বড় কথা। রাজস্ব আদায়ের চেয়ে মানুষের খেয়ে-পরে বেঁচে থাকাটাই মূল বিষয়।" সরকার অনেকগুলো পণ্যের আমদানি শুল্ক কমিয়ে দেওয়ায় রাজস্ব আদায় কমে যাচ্ছে বলে সভায় মন্তব্য করেন শুল্ক কমিশনার (আমদানি) সৈয়দ গোলাম কিবরিয়া। চট্টগ্রাম শুল্ক ভবনের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা কমিয়ে দেওয়ার দাবিও জানান তিনি। অর্থমন্ত্রী আরও বলেন, "রাজস্ব আদায়ের চেয়ে সরকারের বড় লক্ষ্য হওয়া উচিত দেশে যাতে শিল্পায়ন হয় এবং মানুষ সুখে থাকে সে বিষয়টি।" এদিকে অর্থমন্ত্রীর সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময় সভার কারণে সকাল ৯টা থেকে আড়াই ঘণ্টা শুল্ক ভবনে কাজ বন্ধ থাকে। সভায় অর্থমন্ত্রী জানান, শুল্ক আদায়ের পরিবর্তে ভবিষ্যতে দেশে রাজস্ব আদায়ের ক্ষেত্রে প্রত্যক্ষ কর, সেবা থেকে আয় এবং ভ্যাট-এগুলোর ওপর গুরুত্ব দেওয়া হবে। বিভিন্ন মামলার কারণে রাজস্ব আদায় ব্যাহত হচ্ছে জানিয়ে মুহিত বলেন, "এ বিষয়ে সরকার শিগগিরই সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করছে। ইতোমধ্যে আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল অফিসের সঙ্গে কথা বলে হাইকোর্টে একটি স্পেশাল বেঞ্চ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া শুল্ক সংক্রান্ত বিভিন্ন আপত্তি বিকল্প উপায়ে নিষ্পত্তির চেষ্টা করা হচ্ছে।" এ প্রসঙ্গে তিনি আরও বলেন, "শুধু শুল্ক ভবনই নয় বরং দেশের মানুষেরও মামলা প্রীতি রয়েছে। দেশের মোট মামলার ৭৫ শতাংশই ভূমি সংক্রান্ত। ভূমি সংক্রান্ত দুর্নীতি বন্ধে ভূমি বিভাগকে ডিজিটালাইজড করার উদ্যোগ নিয়েছে সরকার।" গাড়ি আমদানির বিষয়ে মুহিত বলেন, "গাড়ি আমদানি দেশের পরিবেশকে ধ্বংস করছে। ঢাকা ও চট্টগ্রাম গাড়িতে সয়লাব হয়ে গেছে। গাড়ি আমদানি কমলে তা দেশ ও পরিবেশের জন্য মঙ্গলজনক হবে। "শুধু গাড়ি নয় বরং বিলাসী ও ক্ষতিকর দ্রব্যের আমদানি কম হলে দেশের জন্য ভালো।" প্রি শিপমেন্ট ইনসপেকশন (পিএসআই) পদ্ধতি বাতিলের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, "১২ বছর আগে পিএসআই সাময়িকভাবে চালু করা হয়েছিল। কিন্তু আমরা এর বিকল্প তৈরি করতে পারিনি। এ বছরের শেষ নাগাদ আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী এর বিকল্প গড়ে তোলার কৌশল চূড়ান্ত করব।" দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সচেষ্ট জানিয়ে তিনি বলেন, "দেশ দ্রব্যমূল্যের ঘোড়ার ওপর চেপে বসেছে। এ ঘোড়াকে থামাতে সরকার বাজারে ভূমিকা প্রতিষ্ঠার চেষ্টা করছে। এজন্য শৃঙ্খলা প্রতিষ্ঠায় চাঁদবাজিসহ অন্যান্য অনিয়ম কমানো হবে।" শুল্ক কমিশনার (রপ্তানি) শাহাবুদ্দিন নাগরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ড. নাসিরুদ্দিন আহমেদ। বৈঠকের পর অর্থমন্ত্রী কাস্টমস হাউস এবং বন্দরের স্ক্যানার পরিদর্শন করেন। এদিকে সকাল ৯টা থেকে সাড়ে ১১টা প্রায় সব কর্মকর্তা-কর্মচারী অর্থমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। এতে শুল্কায়ন কার্যক্রম বন্ধ থাকায় ভবনের বাইরে সিঅ্যান্ডএফ এজেন্ট, ফ্রেইট ফরোয়ার্ডিং এজেন্ট, আমদানিকারকসহ বিভিন্ন সেবাগ্রহিতার ভিড় জমে। এ নিয়ে তাদের অনেককে অসন্তোষ প্রকাশ করতেও দেখা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এফএফ/এমআই/১৩১৮ ঘ.