ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--রমজান উপলক্ষে টিসিবি ডিলারের মাধ্যমে জনসাধারণের কাছে ৪০ টাকা কেজি দরে চিনি বিক্রি করবে।
এছাড়া প্রতি কেজি ছোলা ৫০ টাকা, প্রতি লিটার পাম তেল ৫৮ টাকা, খোলা সয়াবিন ৭০ টাকা এবং বোতলজাত সয়াবিন ৭৬ টাকা দরে বিক্রি করারও সিদ্ধান্ত নিয়েছে পণ্য আমদানীর রাষ্ট্রায়ত্ত্ব এ প্রতিষ্ঠান।
সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী বুধবার ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) -এর গুদাম থেকে এসব পণ্য ডিলারদের কাছে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রী ফারুক খান। এরপরই ডিলাররা জনসাধারণের কাছে বিক্রি শুরু করবেন।
ডিলাররা টিসিবি'র কাছ থেকে থেকে প্রতি কেজি চিনি ৩৭ টাকা, ছোলা ৪৭ টাকা, পাম তেল প্রতি লিটার ৫৫ টাকা (ঢাকা শহরে), পাম তেল ৫৪ টাকা (ঢাকা শহরের বাইরে), খোলা সয়াবিন তেল ৬৭ টাকা এবং বোতলজাত সয়াবিন তেল ৭৩ টাকা লিটার দরে কিনবেন।
এ মূহুর্তে এসব পণ্য বাজারে এর চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।
টিসিবির তথ্য অনুযায়ী, রোববার ঢাকার খুচরা বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেল ৭০ থেকে ৭৩, পাম তেল ৬২ থেকে ৭০, প্রতি কেজি চিনি ৪৫ থেকে ৪৮ এবং ছোলা ৪৫ থেকে ৫২ টাকায় বিক্রি হয়েছে।
খোদ টিসিবির হিসাবেই রমজানকে সামনে রেখে রাজধানীর বাজারে গত এক মাসে চিনি, ভোজ্যতেল, মসুর ডাল, ছোলা, আলু, রসুন প্রভৃতি পণ্যের দাম ৩ দশমিক ৬২ শতাংশ থেকে ৪৭ দশমিক ৬২ শতাংশ পর্যন্ত বেড়েছে।
রমজানে বাজার স্থিতিশীল রাখতে টিসিবি ২৫ হাজার টন ভোজ্যতেল, ১২ হাজার টন চিনি, ২০০ টন পেঁয়াজ এবং ১০০ টন ছোলা আমদানি করছে। তবে প্রয়োজনের তুলনায় তা অনেক কম বলে বাজার সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসএইচ/এসকে/২১২৬ঘ.
bdnews24