ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার আগামী ডিসেম্বরে ২০০৯-১০ অর্থ বছরের বাজেট পর্যালোচনা করবে। তখন বিভিন্ন প্রকল্পে উল্লেখযোগ্য হারে অর্থ পুনঃবরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বুধবার বাজেট বাস্তবায়ন সংক্রান্ত এক আলোচনা সভায় অর্থমন্ত্রী এ কথা জানান।
এছাড়া জ্বালানি, পানিসম্পদ ও তথ্য-প্রযুক্তি খাতে তিনটি বিশেষ বিনিয়োগ পরিকল্পনা সরকারের রয়েছে বলেও জানান তিনি।
নগরীর সিরডাপ মিলনায়তনে 'জাতীয় বাজেট (২০০৯-১০) বাস্তবায়নে চ্যালেঞ্জ' শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
বাজেট বাস্তবায়নে প্রশাসনের লোকজনকে অনুপ্রাণিত করে তোলার বিষয়ে গুরুত্ব দেন আবুল মাল আবদুল মুহিত।
পাশাপাশি তিনি বলেন, "এছাড়া স্থানীয় সরকারের ক্ষেত্রেও আমাদের কিছুটা অক্ষমতা রয়েছে।"
সরকারের উদ্বেগের প্রধান কারণ তুলে ধরে অর্থমন্ত্রী জানান, বিদ্যুৎ ও জ্বালানির অনিশ্চয়তা সরকারের উদ্বেগের শীর্ষে রয়েছে।
"এছাড়া পিপিপি'র (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ) মতো খাতে আনুপাতিক বিনিয়োগ এবং প্রশাসনকে উজ্জীবিত করে তোলাও সরকারের এ তালিকায় রয়েছে", বলেন তিনি।
সিপিডি ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য তার বক্তব্যে বলেন, বাজেট বাস্তবায়নের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধি সবচেয়ে বেশি প্রয়োজন। এজন্য দেশে বিনিয়োগ বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
এছাড়া জ্বালানি সীমাবদ্ধতা, প্রশাসনিক প্রতিবন্ধকতা, ভূমি অধিগ্রহণ ইস্যু, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও বিশ্ব মন্দার প্রভাব বাজেট বাস্তবায়নে সরকারকে চাপে ফেলতে পারে বলেও মনে করেন তিনি।
অন্যদিকে, সরকারের ৬ শতাংশ প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ও ৩০ হাজার ৫০০ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন করা অবাস্তব বলে মনে করেন সাবেক অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম।
আমলাদের সমালোচনা করে তিনি বলেন, "হয় তারা আপনি যা শুনতে পছন্দ করবেন তাই বলেন অথবা নিজেদের দায়-দায়িত্ব অন্যের ঘাড়ে চাপান।"
জমি অধিগ্রহণের বিষয়ে মির্জ্জা আজিজুল বলেন, "এ ব্যাপারে মন্ত্রণালয়ের পূর্ব প্রস্তুতির অভাব রয়েছে। প্রকল্প নেওয়ার আগে এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি নেওয়া উচিত।"
সরকারের নেওয়া বেশকিছু উল্লেখযোগ্য প্যাকেজের লক্ষ্যমাত্রা স্পষ্ট করা না হলে এসব খাতে দেওয়া বরাদ্দ অপচয় হবে বলেও সাবধান করে দেন তিনি।
সিপিডি চেয়ারম্যান রেহমান সোবহান তার সমাপনী বক্তব্যে সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, "সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিষয়ে গণমাধ্যমগুলোর উচিত অনুসন্ধানী প্রতিবেদন করা।"
অর্থ মন্ত্রণালয় থেকে উন্নয়ন প্রকল্পের তালিকা নিয়ে এগুলোর ওপর নিয়মিত প্রতিবেদন লেখার আহ্বানও জানান সিপিডি চেয়ারম্যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এসকে/২০২৫ঘ.
bdnews24