ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানব সম্পদ উন্নয়ন সূচকের বিচারে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে সেভাবে তা প্রতিফলিত হচ্ছেনা বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেন, এক্ষেত্রে সমস্যা কোথায় বা কৌশলের ক্ষেত্রে কোনো গলদ আছে কিনা তা খুঁজে বের করতে হবে।
সোমবার সকালে আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) মিলনায়তনে আয়োজিত 'ক্ষুদ্র ঋণের সুদের হার ও স্বচ্ছতা' শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
পিকেএসএফ এ সেমিনারের আয়োজন করে।
মুহিত বলেন, "গত কয়েক বছরে মানবসম্পদ উন্নয়নে আমরা (বাংলাদেশ) অনেক এগিয়ে গেছি। কিন্তু দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে ততটা এগুতে পারিনি। দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ একটি মৌলিক যুদ্ধ এবং এ যুদ্ধ আমাদের কতদিন চালাতে হবে সেটি এখন পরিষ্কার করে বলা মুশকিল হয়ে পড়েছে। এক্ষেত্রে ১০ বছরও লাগতে পারে, ২০ বছরও লাগতে পারে।"
অর্থমন্ত্রী বলেন, "ক্ষুদ্র ঋণ দারিদ্র্য বিমোচনের একটি বড় হাতিয়ার। এনজিওগুলোর পক্ষ থেকে দাবি করা হয়, দেশের তিন কোটি মানুষ ক্ষুদ্র ঋণের সুবিধা পায়। কিন্তু আমাদের দেশে দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা সাত কোটির ওপরে। কেন এ সাত কোটি মানুষ দারিদ্য্রের বেষ্টনী থেকে বেরিয়ে আসতে পারছে না সেটিই বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে।"
তিনি বলেন, "ক্ষুদ্র ঋণের সুদের হার নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। একসময় গ্রামীণ ব্যাংকের সুদের হার অনেক বেশি ছিল। কিন্তু এখন তা ২৫ শতাংশে নেমে এসেছে। এনজিওগুলোর কর্মকাণ্ড যত বেশি পরিচালিত হবে সুদের হার দিন দিন তত কমে আসবে।
"এনজিওগুলো তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে খুবই দুর্বল। তারা এখনও আধুনিক প্রযুক্তির ব্যবহার থেকে অনেক দূরে রয়েছে। এ বিষয়টি এনজিওগুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।"
গ্রাহকরা এক এনজিও থেকে ঋণ নিয়ে আরেক এনজিও'র ঋণ পরিশোধ করে- এই অভিযোগ করে তিনি বলেন, একটি যথাযথ নিয়ন্ত্রক সংস্থার মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করতে হবে।
সেমিনারে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, পিকেএসএফ'র চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, পিকেএসএফ'র ব্যবস্থাপনা পরিচালক কাজী মেজবাহউদ্দিন আহমেদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এফএফ/এইচএ/১২৫৫ ঘ.
bdnews24