চট্টগ্রাম, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দর নগরী চট্টগ্রামে সোমবার শুরু হয়েছে পাঁচদিনব্যাপী ফার্নিচার মেলা।
সকালে নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এ মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। চট্টগ্রাম বিভাগীয় ফার্নিচার শিল্প মালিক সমিতি চতুর্থবারের মতো এ মেলার আয়োজন করেছে।
চট্টগ্রামের ১৮টি ফার্নিচার প্রতিষ্ঠান এ মেলায় অংশ নিচ্ছে। মেলায় ক্রেতাদের জন্য আকর্ষণীয় মূল্যছাড় রয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র মহিউদ্দিন চৌধুরী বলেন, বাংলাদেশের ফার্নিচারের গুণগত ও নান্দনিক মান বাড়ানো গেলে তা বিদেশে বাজার সৃষ্টিতে সহায়ক হবে।
তিনি এ শিল্পের বিকাশের মধ্য দিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের ওপর জোর দেন।
মেয়র এ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করে এব্যাপারে সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দেন।
চট্টগ্রাম বিভাগীয় ফার্নিচার মালিক সমিতির সভাপতি ছৈয়দ এস এম নূর উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, ফার্নিচার মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি কে এম আখতারুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
এ মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২১৪০ ঘ.
bdnews24