ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাম পরিবর্তন করে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) শ্রমিক সংগঠন সংক্রান্ত একটি বিল অনুমোদন করেছে মন্ত্রিসভা।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে এটি অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, ইপিজেড শ্রমিক কল্যাণ সমিতি ও শিল্প সম্পর্ক (সংশোধন) বিলটি মন্ত্রিসভা অনুমোদন করেছে।
তত্ত্বাবধায়ক সরকারের সময় জারি করা অধ্যাদেশটির নাম ছিল ইপিজেড শ্রমিক সংঘ ও শিল্প সম্পর্ক (সংশোধন) অধ্যাদেশ।
তথ্যসচিব বলেন, "অধ্যাদেশ অনুযায়ী যে প্রস্তাব ছিল তা আছে, শুধু নামটা পরিবর্তন করা হয়েছে।"
বৈঠকে চাটার্ড সেক্রেটারি আইন-২০০৯ এর খসড়া অনুমোদন দেওয়া হয় বলেও তিনি জানান।
আজাদ বলেন, ১৯৯৪ সালের কোম্পানি আইনের ২৮ ধারা অনুযায়ী এই আইন করা হচ্ছে। এর আওতায় একটি ইনস্টিটিউট হবে। ১৫ সদস্যের একটি কাউন্সিল থাকবে। যার মেয়াদ হবে ৩ বছর।
এছাড়া বৈঠকে গত ১১ জুলাই মিশরে অনুষ্ঠিত ন্যাম সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের অংশগ্রহণের ও কুয়ালালামপুর অনুষ্ঠিত কমনওয়েলথ দেশগুলোর শিক্ষামন্ত্রীদের ১৭তম সম্মেলনের প্রতিবেদন জমা দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/আরএ/এমআই/১৫২০ ঘ.
bdnews24