২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিজার্ভ ৮০০ কোটি ডলার ছাড়িয়েছে: গভর্নর

অতীতের সব রেকর্ড ভেঙে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৮০০ কোটি ডলার ছাড়িয়েছে বলে রোববার জানিয়েছেন গভর্নর আতিউর রহমান। এর ফলে ব্যাংক ঋণে সুদের হার কমতে পারে বলে আভাস দিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2009, 08:42 AM

Updated : 26 Aug 2022, 11:52 AM

ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতীতের সব রেকর্ড ভেঙে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৮০০ কোটি ডলার ছাড়িয়েছে বলে রোববার জানিয়েছেন গভর্নর আতিউর রহমান। এর ফলে ব্যাংক ঋণে সুদের হার কমতে পারে বলে আভাস দিয়েছেন তিনি। বিনিয়োগের জন্য এ রিজার্ভ কাজে লাগানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন গভর্নর। রাজধানীর ইস্কাটনে বিয়াম মিলনায়তনে জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলনে আতিউর কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের তথ্য জানান। তিনি বলেন, "আমরা (বাংলাদেশ ব্যাংক) চাই, এ রিজার্ভ দেশে বিনিয়োগের কাজে লাগুক। এ রিজার্ভ থেকে রপ্তানিকারকরা ঋণ নিয়ে কাজে লাগাতে পারেন। এতে ঋণের সুদের হার কমারও সম্ভাবনা রয়েছে। এ কারণেই রিজার্ভ থেকে রপ্তানিকারকদের ঋণ দেওয়ার বিষয়টি নিয়ে আমরা চিন্তাভাবনা করছি।" বিষয়টি ব্যাখ্যা করে গভর্নর বলেন, "রপ্তানিকারকরা এ রিজার্ভ তহবিল থেকে বৈদেশিক মুদ্রায় ঋণ নেবেন। যেহেতু তারা রপ্তানির পর বৈদেশিক মুদ্রা আয় করেন তাই বৈদেশিক মুদ্রায় তাদের ঋণ পরিশোধ করতে পারবেন অর্থাৎ পুরো বিষয়টি একটি 'উইন উইন সিচুয়েশন' হবে, দু পক্ষই লাভবান হবে।" অলস সাত হাজার কোটি টাকা বিনিয়োগে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য ব্যাংকগুলোর প্রতি আহ্বানও জানান তিনি। সম্মেলনে জনতা ব্যাংকের চেয়ারম্যান সোহেল আহমেদ চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান বক্তব্য রাখেন। মূলত রেমিটেন্স প্রবাহের ওপর ভর করেই কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ৮০০ কোটি ডলার ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২০০৮-০৯ অর্থ বছরে ৯৬৩ কোটি ডলার রেমিটেন্স দেশে এসেছে। আর চলতি ২০০৯-১০ অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে রেমিটেন্স এসেছে ৮৯ কোটি ডলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এফএফ/এমআই/১৪৫০ ঘ.